ফের এক পুলিশ কর্তার ইস্তফা, পদ ছাড়লেন আরও এক আইপিএস অফিসার, বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে পারেন গুরুত্বপূর্ণ এক কেন্দ্র থেকে

লোকসভা নির্বাচনের আর একমাসও বাকি নেই। এর ঠিক আগেই আচমকাই ইস্তফা দিলেন আরও এক আইপিএস অফিসার। ভোটের মুখে তাঁর হঠাৎ এভাবে ইস্তফা দেওয়ায় বেড়েছে জল্পনা। সূত্রের খবর, এবার হয়ত ভোটে দাঁড়াতে পারেন তিনি। বিজেপির হয়ে লড়ার সম্ভাবনা রয়েছে তাঁর। কোন আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন, তা নিয়ে চলছে চর্চা। 

আজ, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকার কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন আইপিএস দেবাশিস ধর। ব্যক্তিগত কারনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ইস্তফাপত্রে জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন, জীবনের অন্যান্য সামাজিক ও ব্যক্তিগত লক্ষ্যপূরণ করতে চান তিনি এবার। আজই যাতে তাঁর আইপিএস হিসেবে কর্মজীবনের শেষ দিন গণ্য করা হয়, এমন আবেদনও করেছেন তিনি ইস্তফাপত্রে। 

ফের এক পুলিশ কর্তার ইস্তফা, পদ ছাড়লেন আরও এক আইপিএস অফিসার, বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে পারেন গুরুত্বপূর্ণ এক কেন্দ্র থেকে

প্রসঙ্গত, বাংলার অন্যতম চর্চিত আইপিএস কর্তা হলেন এই দেবাশিস ধর। তিনি আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পোস্টেড ছিলেন। ২০২১ সালে বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচিতে যখন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়, সেই সময় কোচবিহারে পোস্টিং ছিল দেবাশিস ধরের। শীতলখুচির ঘটনার পর থেকেই রদন্তের মুখে পড়েন তিনি। 

২০২২ সালে তাঁর বাড়িতে তল্লাশি চালায় রাজ্য গোয়েন্দা দফতর তথা সিআইডি। অভিযোগ উঠেছিল, ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এই সুদীপ্ত রায়চৌধুরীকে আগে একবার গ্রেফতার করেছিল ইডি। শাসক দলের অভিযোগ ছিল, পুলিশের বড় পদে থেকে তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন। ইস্তফা দেওয়ার আগে ‘কম্পালসারি ওয়েটিং’-এ ছিলেন দেবাশিস ধর। 

লোকসভা ভোটের আগে এই আইপিএস অফিসারের আচমকা এমন ইস্তফা দেওয়ায় বেশ জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি রাজ্যের আরও এক আইপিএস কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজের পদ থেকে ইস্তফা দেন। আর ইস্তফা দিয়েই তিনি ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন। মালদা উত্তর থেকে টিকিট পেয়েছেন তিনি। আর এবার আইপিএস দেবাশিস ধর ইস্তফা দিয়ে আরও এক জল্পনা তৈরি করলেন।

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতোই তিনিও কী ভোটের প্রার্থী হবেন? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক অন্দরে। সূত্রের খবর, বীরভূম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন দেবশিস ধর। আগামী ২৩ মার্চ শনিবার বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। সেখানে নাম থাকতে পারে দেবশিস ধরের। 

আরও অন্যান্য খবর