২০ বছর পরে ডাল-ভাত খাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তাঁর সাধারণ জীবনযাপন দেখেই রাজ্যবাসী অভ্যস্ত। নীল পাড় সাদা শাড়ি ও হাওয়াই চপ্পল পরেই রাজ্য শাসন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল্প মুড়ি চিঁড়ে খেয়েই তিনি রোজ দিন কাটান। তিনি যে ভাত খান না এর আগে একাধিক সাক্ষাৎকারে সে কথা বলেছিলেন । তার বদলে মুড়ি, চিঁড়ের মত শুকনো খাবারই তাঁর খাদ্যাভ্যাসে জুড়ে গেছে। 

কিন্ত মুখ্যমন্ত্রী বুধবার নিজেই জানালেন, ২০ বছর পর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডাক্তারদের পরামর্শেই তিনি ভাত খাচ্ছেন। তিনি বলেন, “এক চামচ ভাত, একটু ডাল সেদ্ধ, একটু আলু সেদ্ধ খাচ্ছি। মুড়ি খাচ্ছি।”

বুধবার তিনি সাধারণ মানুষকে ঘরে থাকার বার্তা দেন। এখানেই মুখ্যমন্ত্রী খাবারের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “আগামী দু’সপ্তাহ খুব সাবধানে থাকতে হবে। কেউ বাড়ি থেকে বেরোবেন না। আমি তো একাই থাকি। আমাকে তো দেখার কেউ নেই। এখন আমি কাউকে সামনে আসতে দিচ্ছি না। আমার বাড়িতে সারাক্ষণ দু’টি মেয়ে থাকে। ওরা যা খায় আমি তাও পাই না।” 

তারপরই কড়া অভিভাবিকার মত তিনি বলে ওঠেন “সেদ্ধভাত খান কিন্তু বাড়িতে থাকুন। এখন লাটসাহেবী করার সময় নয়।”

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক আমলা এই প্রসঙ্গে বলেন, আসলে উনি বলতে চেয়েছেন, এখন সংকটের সময়। ভাল মন্দ কদিন নয় নাই বা খেলেন মানুষ। আগে জীবন। নিজের ও পরিবারের সবার সুস্থ থাকা অগ্রাধিকার। তাই বাজারে গিয়ে হুড়োহুড়ি না করে বাড়িতে যা রয়েছে তাই খেয়ে যেন থাকেন। কারণ, অনেককে দেখা যাচ্ছে রোজ বাজারে যাচ্ছেন। ঠেলাঠেলি করে কেনাকাটা করছেন। এরকম করলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেড়ে যাচ্ছে।

আগের দিন চিকিৎসকদের উষ্ণ গরম জলে পাতি লেবুর রস খাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, “মনে রাখবেন করোনাভাইরাসটা কিন্তু আগে গলায় অ্যাটাক করে। উষ্ণ গরম জলে লেবুর রস দিয়ে খেলে গলাটা ক্লিয়ার হয়ে যাবে।” 

RELATED Articles

Leave a Comment