রাজ্যের রাজনীতিতে ফের ঝড় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি এমন কিছু অডিয়ো ক্লিপ প্রকাশ করেন, যা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। সেই অডিয়ো ক্লিপে একজন পুরুষের কণ্ঠে শোনা যাচ্ছে কথোপকথন, যিনি শুভেন্দুর দাবি অনুযায়ী, মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আর সেই অডিয়োতেই নাকি শোনা গেছে, জেলবন্দি অবস্থাতেই তিনি চাকরি বিক্রির টাকার লেনদেন করছেন।
শুভেন্দুর বক্তব্য, “জীবনকৃষ্ণ সাহা শুধু জেলেই ফোন ব্যবহার করছেন না, নতুন নিয়োগ প্রক্রিয়াতেও প্রভাব খাটাচ্ছেন।” সেই সাংবাদিক বৈঠকে তিনি নিজের মোবাইল ফোন থেকেই কিছু ছবি, ভিডিও এবং অডিয়ো শোনান। বিরোধী নেতা জানান, এই সমস্তই বর্তমান নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত। শুভেন্দুর অভিযোগ, “জেলে গেলে কিছুই হয় না, বরং যাঁরা তৃণমূলের ‘লেভেল হাই চোর’, তাঁদের জন্য জেলে ফাইভ স্টার ব্যবস্থা হয়—গরমকালে এসি, শীতকালে গরম জল!”
অডিয়ো ক্লিপগুলির মধ্যে একটিতে শোনা যায়, এক নারীকণ্ঠ বলছেন, “স্যর, ১৫ লক্ষ ৫০ হাজার আপনাকে দেওয়া হল।” এরপর পুরুষকণ্ঠে শোনা যায় সংক্ষিপ্ত জবাব—“ঠিক আছে…”। শুভেন্দুর দাবি, “এই কণ্ঠ জীবনকৃষ্ণ সাহার।” তিনি আরও বলেন, “নিয়োগ পরীক্ষার ফলাফলেও তাঁর প্রভাব ছিল। জেলে বসেই তিনি মোবাইল ব্যবহার করে টাকার লেনদেন করছেন।” এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্য একটি অডিও ক্লিপেও পুরুষ ও নারীর কথোপকথন শোনা যায়। কথায় কথায় সেই পুরুষকণ্ঠ জানাচ্ছেন, “তাড়াতাড়ি বেরনোর চেষ্টা করছি… একই মানুষকে কতবার ধরবে?” কথোপকথনে ইঙ্গিত মেলে, সংশ্লিষ্ট ব্যক্তি বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে পড়ছেন। প্রসঙ্গত, জীবনকৃষ্ণ সাহা ইতিমধ্যেই দু’বার গ্রেফতার হয়েছেন। প্রথমবার জামিনে মুক্তি পেলেও পরবর্তীতে ফের ইডির হাতে ধরা পড়েন তিনি।
আরও পড়ুনঃ Delhi bla*st : সংখ্যালঘু মেয়েদের টার্গেট করে জইশের গোপন ‘অপারেশন হমদর্দ’! চিকিৎসক শাহীনের ভূমিকা ঘিরে তোলপাড়—তদন্তে মিলছে চাঞ্চল্যকর তথ্য!
তৃণমূল শিবির অবশ্য এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে—এই অডিয়ো যদি সত্যি হয়, তাহলে তা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার চূড়ান্ত অপব্যবহারকে প্রকাশ করছে। বিরোধী শিবিরের মতে, এটি শুধু একটি অডিয়ো নয়, রাজ্যে চলতে থাকা নিয়োগ দুর্নীতির আরেকটি প্রমাণ। এখন দেখার, এই নতুন ফাঁস হওয়া অডিয়ো নিয়ে তদন্ত সংস্থা কতটা সক্রিয় হয়।






