মঙ্গলবার ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ইশানী চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ দিনটি শুটিং সেটেই সহকর্মীদের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন ‘পরিণীতা’র পারুল। জন্মদিন উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছিল সেট। বেলুন, ফুল এবং একাধিক কেক দিয়ে তৈরি হয়েছিল উৎসবের পরিবেশ। সেই আনন্দের মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রিয়াজ লস্কর। সেখানেই দেখা যায়, পুরো টিম মিলে ইশানীর জন্মদিন পালন করছে।
কেক কাটার সময় সেটে উপস্থিত ছিলেন ‘পরিণীতা’র গোটা টিম। মেয়ের বিশেষ দিনে অভিনেত্রীর মাকেও দেখা যায় সেখানে। মা-মেয়ে একসঙ্গে কেক কাটেন এবং পরে ইশানী প্রথমে মাকে, তারপর একে একে সকল সহকর্মীকে কেক খাওয়ান। লাল শাড়িতে সেদিন নজর কেড়েছিলেন অভিনেত্রী। মেয়েকে আদর করে চুমু খেতেও দেখা যায় তাঁর মাকে। সব মিলিয়ে শুটিংয়ের ব্যস্ততার মাঝেও জন্মদিনের দিনটি বেশ আনন্দেই কাটিয়েছেন ইশানী।
জন্মদিনে ইশানীকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন তাঁর পর্দার নায়ক উদয় প্রতাপ সিং। ‘পরিণীতা’য় রায়ানের চরিত্রে অভিনয় করা উদয়ের সঙ্গে ইশানীর জুটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। ইশানীর সঙ্গে নিজের দুটি ছবি পোস্ট করে উদয় তাঁর দীর্ঘ যাত্রার কথা তুলে ধরেন। ন্যারগোয়াল থেকে গোলপার্ক, দুর্গাপুর থেকে কলকাতা এবং বিভিন্ন জায়গা পেরিয়ে ইশানী অনেকটা পথ এগিয়ে এসেছেন বলে উল্লেখ করে তাঁকে ২৩তম জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেতা।
‘পরিণীতা’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন ইশানী। প্রথম কাজেই পারুল চরিত্রে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ে আসার আগে মডেলিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন অভিনেত্রী। মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনার জন্য কলকাতায় আসার পর বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হন। পাশাপাশি সৌন্দর্য প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন তিনি। ‘মিস সাউথ বেঙ্গল ২০২২’, ‘সানন্দা তিলোত্তমা’ এবং ‘পিসি চন্দ্র গোল্ডলাইটস ডিভা ২০২৩’এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ইশানী।
আরও পড়ুনঃ বাঁশি হাতে কৃষ্ণ, ছুটে আসছেন রাধা! ‘রাধা মাধব’-এর প্রথম ঝলক প্রকাশ্যে, মুখ্য চরিত্রে রাজদীপ-জয়িতার জুটি নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায়! প্রথম ঝলকেই জল্পনা তুঙ্গে!
একসময় নিজের গায়ের রং নিয়ে নানা কটাক্ষ শুনতে হয়েছিল বলে জানিয়েছিলেন ইশানী। ছোটবেলা থেকে স্কুলেও এমন মন্তব্যের মুখোমুখি হয়েছেন তিনি। ধারাবাহিকে আসার পরও সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই নেতিবাচক মন্তব্যকে পিছনে ফেলে নিজের পরিচয় তৈরি করেছেন অভিনেত্রী। এখন নিজের গায়ের রং নিয়েই আত্মবিশ্বাসী ইশানী। অভিনয়ের পাশাপাশি নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছেন তিনি এবং কটাক্ষকে আর গুরুত্ব দিতে চান না।






