টলিউডের অন্যতম ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ অম্বরীশ ভট্টাচার্যকে প্রেম বা বিয়ে নিয়ে প্রশ্ন করলেই সাধারণত হাসিমুখে বিষয়টি এড়িয়ে যেতে দেখা যায়। কয়েক মাস আগেও তাঁর গোপন বিয়ের খবর ছড়িয়েছিল। পরে জানা যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির গল্পের প্রয়োজনেই পর্দায় বিয়ের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। এবার অবশ্য কোনও ছবির গল্প নয়, এক জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চেই নিজের প্রেম ও পছন্দ নিয়ে মজার ছলে ‘গোপন কথা’ ফাঁস করলেন অভিনেতা।
বিশেষ পর্বে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টোরাজ মল্লিক, অম্বরীশ এবং আরও এক পরিচিত মুখ। খেলার ছলেই মঞ্চে উঠে আসে ‘মন’ প্রসঙ্গ। কাঞ্চনকে নিয়ে মজার কথাবার্তার পর প্রশ্ন চলে আসে অম্বরীশের দিকে। কেন তাঁকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যায় না, সেই প্রশ্নের মুখে পরিস্থিতি আরও মজার হয়ে ওঠে। তখনই ওই অভিনেত্রী মজা করে দাবি করেন, তিনি অম্বরীশকে মোটেই পছন্দ করেন না।
আর সেই কথার পাল্টা জবাব দিতে একেবারেই সময় নেননি অম্বরীশ। হাসতে হাসতেই তিনি দাবি করেন, আসলে ওই অভিনেত্রী তাঁকে খুব পছন্দ করেন। কিন্তু বাড়িতে স্বামী থাকার কারণে নাকি অশান্তির ভয়ে সেই কথা মুখে স্বীকার করতে পারছেন না! অম্বরীশের এমন মন্তব্যে রিয়্যালিটি শোয়ের মঞ্চে হাসির রোল ওঠে। পুরো কথোপকথনই যে নিছক মজা এবং তারকাদের বন্ধুত্বপূর্ণ খুনসুটির অংশ, তা স্পষ্ট।
আরও পড়ুনঃ ১১ বছর পর রাজের সঙ্গে মিমির ‘তাণ্ডব’, কি প্রতিক্রিয়া শুভশ্রীর?
শোয়ের প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই অম্বরীশের এই মন্তব্য নিয়ে নেটপাড়ায় আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে অভিনেতার তাৎক্ষণিক পাল্টা জবাবই নজর কেড়েছে দর্শকদের। তবে এই মজার কথোপকথনের নেপথ্যে কোনও বাস্তব সম্পর্কের ইঙ্গিত রয়েছে, এমন কোনও দাবি করা হয়নি। বরং জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চে তারকাদের হাসি-ঠাট্টার অংশ হিসেবেই বিষয়টিকে দেখা হচ্ছে।






