রেড কার্পেটের অনুষ্ঠানে লেভেন্ডার রঙের ডিজাইনার শারারা ও ক্রপ টপে নজর কেড়েছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। তবে তাঁর সেই সাজ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা ধরনের মন্তব্য। পোশাক থেকে শুরু করে তাঁর বয়স ও চেহারা, সবকিছু নিয়েই কটাক্ষ করতে থাকেন নেটিজেনদের একাংশ। কেউ তাঁকে ‘সুগার আন্টি’ বলে মন্তব্য করেন, আবার কেউ তাঁর পোশাকের রুচি নিয়েও প্রশ্ন তোলেন। কিন্তু এই ধরনের মন্তব্য চুপ করে মেনে নেননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। বরং নিজেই কমেন্ট বক্সে এসে ট্রোলারদের জবাব দেন তিনি।
এক নেটিজেন ইন্দ্রাণীর পোশাক নিয়ে প্রশ্ন তুলে লেখেন, এই ধরনের পোশাক তাঁকে আদৌ মানিয়েছে কি না। পাশাপাশি তাঁর বয়স নিয়েও মন্তব্য করা হয়। সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে নিজের বয়স নিয়েই ভুল ধারণা ভেঙে দেন অভিনেত্রী। ইন্দ্রাণী জানান, ১৯৭১ সালে তাঁর জন্ম, ফলে তাঁকে ৪০ বছর বয়সি বলা ঠিক নয়। এরপর পোশাক পছন্দ নিয়ে কটাক্ষেরও পাল্টা উত্তর দেন তিনি। স্পষ্ট ভাষায় জানান, তিনি কী পরবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর নিজের। অন্য কেউ কী পোশাক পরবেন, সেটাও যেমন তিনি ঠিক করেন না, তেমনই তাঁর পোশাক নিয়েও অন্যের নির্দেশের প্রয়োজন নেই।
এরপর আর এক নেটিজেন তাঁকে ‘সুগার আন্টি’ বলে কটাক্ষ করেন। এবারও রসিকতার সুরেই জবাব দেন ইন্দ্রাণী। ‘আন্টি’ সম্বোধনে আপত্তি জানিয়ে অভিনেত্রী বলেন, তাঁকে বরং ‘ঠাকুমা’ বলা হোক। তারপরই নিজের মতো করে ‘সুগার’ প্রসঙ্গ টেনে বলেন, তিনি নাকি সত্যিই খুব মিষ্টি। অর্থাৎ কটাক্ষকে আক্রমণাত্মকভাবে না নিয়ে নিজের রসবোধ দিয়েই সেই মন্তব্যের পাল্টা দেন অভিনেত্রী। তবে তাঁর কথায় এটাও স্পষ্ট হয়ে যায়, বয়স বা চেহারা নিয়ে বারবার মন্তব্য করাকে তিনি মোটেই স্বাভাবিকভাবে দেখছেন না।
শরীর নিয়ে ট্রোলিংয়ের প্রসঙ্গেও মুখ খোলেন ইন্দ্রাণী। অভিনেত্রীর বক্তব্য, বয়সের সঙ্গে কিছু শারীরিক সমস্যা এবং পিঠের ব্যথার কারণে তাঁকে ওজন কমাতে হয়েছে। সেই কারণেই নিয়মিত যোগব্যায়ামও করছেন তিনি। নিজের শরীর এবং পোশাক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে বলেও স্পষ্ট করে দেন। ইন্দ্রাণীর দীর্ঘ অভিনয়জীবনে বাংলা সিনেমা ও টেলিভিশনে একাধিক উল্লেখযোগ্য চরিত্র রয়েছে। ‘গোয়েন্দা গিন্নি’ চরিত্রের মাধ্যমে তিনি ছোট পর্দার দর্শকদের কাছেও বিশেষ পরিচিতি পেয়েছেন।
আরও পড়ুনঃ রবীন্দ্র সরোবরে কুকুর প্রবেশে নিষেধাজ্ঞা, অগ্নিমিত্রার নির্দেশের পরেই সরব শ্রীলেখা, ‘পৃথিবীতে শুধু মানুষ নামক পশু থাকবে?’ ফেসবুক পোস্টে কীসের আওয়াজ তুললেন অভিনেত্রী?
বেশ কিছুদিন শারীরিক সমস্যার কারণে কাজ থেকে কিছুটা দূরে ছিলেন ইন্দ্রাণী। সেই সময়ে ওজনও বেড়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। বর্তমানে নিজের মতো করে কাজ করছেন এবং শরীরের দিক থেকেও ভালো রয়েছেন। তাঁর সাজ বা বয়স নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য নতুন নয়, তবে এবার যেভাবে সরাসরি কমেন্ট বক্সে গিয়ে উত্তর দিয়েছেন, তা নিয়েই নতুন করে চর্চা শুরু হয়েছে। ইন্দ্রাণীর বক্তব্যের মূল সুর একটাই, একজন প্রাপ্তবয়স্ক মানুষ কী পোশাক পরবেন বা নিজের চেহারা নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেই অধিকার তাঁর নিজেরই।






