ফের চরমে রাজ্য-কেন্দ্র তরজা। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা নিয়ে UGC-রাজ্য সংঘাত। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের অনুরোধ, রাজ্যে আগের নিয়মেই মূল্যায়ন হোক ছাত্রছাত্রীদের। জানা গিয়েছে, চিঠিতে নতুন নিয়ম বলবৎ না করার অনুরোধ জানিয়েছেন মমতা। ছাত্রস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও করা হয়েছে কেন্দ্রকে।
সম্প্রতি UGC-র প্রকাশিত নয়া নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয়গুলির ফাইনাম সেমেস্টারের পরীক্ষা হবে কি হবে না সেই নিয়েও দ্বন্দ্ব ছিল ছাত্রছাত্রীদের মধ্যে। তাঁদের স্বাস্থ্যের সঙ্গে আপস নয়। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ীই মূল্যায়ন হবে রাজ্যে। UGC-র গাইডলাইন প্রসঙ্গে সোমবার এমনটাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, “আমরা বিশ্ববিদ্যালয়গুলিতে নির্দেশিকা পাঠিয়েছি, এরপর তাঁরা যা বলবেন সেই মতোই পদক্ষেপ করা হবে।”





