উত্তর ২৪ পরগনায় আরও ৩ হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করায় শয্যা সংখ্যা বাড়ল ১৮০টি

রাজ্যে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রামিতের সংখ্যা। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের নিরীখে শীর্ষে রয়েছে কলকাতা। তবে এবার উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণের সংখ্যা উর্ধমুখী। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনায় আরও ৩টি জেনারেল হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তরিত করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই তিনটি হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করায় আরও ১৮০টি শয্যা বাড়বে বলে জানা গেছে। যার চলতে করোনার জন্য শয্যা খুঁজতে মানুষের হয়রানি কিছুটা কমবে।

উত্তর ২৪ পরগনায় আপাতত ৫টি করোনা হাসপাতাল রয়েছে। সেই চাপ কিছুটা কমাতেই অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল ও খড়দার বলরাম সেবা মন্দির হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করতে চাইছে স্বাস্থ্য দফতর।

অশোকনগরের বিধায়ক ধীমান রায় এই প্রসঙ্গে বলেন, ‘জেলায় সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে রোগীদের বেড পেতে বেশ সমস্যা হচ্ছে। এমনকি অশোকনগর – হাবরার রোগীদের বারাসত বা পানিহাটি যেতে হচ্ছে। কিন্তু এখানে কোভিড হাসপাতাল হলে ঘরের কাছেই থাকতে পারবেন আক্রান্তরা।’

প্রসঙ্গত, এই তিনটি হাসপাতাল মিলিয়ে শতাধিক বেড আসতে চলেছে করোনা রোগীদের জন্য। যার মধ্যে অশোকনগরে থাকবে ৪০টি শয্যা, নৈহাটিতে ৬০টি ও খড়দায় ৮০টি শয্যা থাকবে বলে স্বাস্থ্য দফতর তরফে জানানো হয়েছে।

RELATED Articles

Leave a Comment