বাংলার রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন সিভি আনন্দ বোস, নীল হাঁড়িতে রসগোল্লা উপহার মমতার, অনুষ্ঠানে নেই শুভেন্দু

স্থায়ী রাজ্যপাল পেল বাংলা। আজ, বুধবার বেলা ১০টা ৪৫ মিনিট নাগাদ রাজ্যপাল পদে শপথ গ্রহণ করলেন সিভি আনন্দ বোস। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। দর্শকাসনে দেখা মিলল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। কিন্তু এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট করে জানান যে তিনি এই অনুষ্ঠানে থাকছেন না।

এদিন শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন সিভি আনন্দ বোস। তাঁর আমন্ত্রণেই এই অনুষ্ঠানে এসেছেন গোপালকৃষ্ণ। হাজির ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রিসভার সদস্য।

প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার কলকাতায় পা রাখেন সিভি আনন্দ বোস। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা ও আরও অনেকে। বিমানবন্দরেই সিভি আনন্দ বোসকে গার্ড অফ অনার দেওয়া হয়। শপথগ্রহণ অনুষ্ঠানের উপলক্ষ্যে রাজ্যপালের জন্য নীল-সাদা হাঁড়িতে রসগোল্লা নিয়ে যান মমতা।

একটি বিখ্যাত মিষ্টির দোকানে রসগোল্লার বরাত দেওয়া হয়েছে। ওই দোকান সূত্রে খবর, গত মঙ্গলবার রাতেই রাজ্যপালের জন্য মোট একশোটি রসগোল্লার অর্ডার দেওয়া হয়েছে। যা যাবে দুটি নীলরঙের হাঁড়িতে। এছাড়াও থাকছে আরও উপহার। সিভি আনন্দ বোস আগেই জানিয়েছিলেন, রসগোল্লা তাঁর ভারী পছন্দ। তাই উপহারে রসগোল্লা।

RELATED Articles