পোষা কুকুরকে নিয়ে ঝামেলা। বচসার মধ্যেই কুকুরের মনিবের গায়ে অ্যাসিড ছুঁড়ল প্রতিবেশী। শৌচালয় পরিষ্কার করার তরল ছুঁড়ে মারা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ আটক করেছে অভিযুক্তদের।
এই ঘটনাটি দিল্লির উত্তম নগর এলাকার। সেখানেই গতকাল, শনিবার রাতে আক্রান্ত ব্যক্তির ছেলে তাদের পোষা কুকুরটিকে রাস্তায় হাঁটতে নিয়ে বেরিয়েছিলেন। অভিযোগ, এক প্রতিবেশীর বাড়ি থেকে হেনস্থা করা হয় তাদের। অভিযোগ, পোষা কুকুরটিকে লক্ষ্য করে ঢিলও ছুঁড়ছিলেন অভিযুক্তেরা। তা নিয়েই শুরু হয় বচসা।
প্রতিবেশীর বাড়ির সামনেই হতে থাকে ঝামেলা। ক্রমেই বচসা বাড়তে থাকে। এসবের মাঝেই যুবক তাঁর বাবাকে ডেকে আনেন। তিনিও বচসায় জড়ান। অভিযোগ সেই সময় হঠাৎ করেই প্রতিবেশীর বাড়ি থেকে কেউ ওই ব্যক্তির দিকে অ্যাসিড ছুঁড়ে মারেন। মাথায় আঘাত লাগে ওই ব্যক্তির।
জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম রাজেশ্বর। এই মুহূর্তে তিনি দিল্লি এইমস হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন। পুলিশ সূত্রে খবর, গতকাল, শনিবার রাত ১০টা নাগাদ ঘটে এই ঘটনা। অভিযুক্তদের আটক করার পাশাপাশি অ্যাসিড জাতীয় তরলের বোতলটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
জানা গিয়েছে, এই ঘটনার পর রাজেশ্বরের ছেলে প্রতিবেশীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।





