তোলাবাজির চেষ্টা দোকান থেকে। তোলার টাকা না পেয়ে দোকানে হামলা। এমনকি ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল ৩ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে খড়দহের কল্যাণনগর এলাকায়। জানা গিয়েছে, গতকাল, রবিবার রাতে একটি মুদি দোকানে কয়েকজন তৃণমূল কর্মী হাজির হন। অভিযোগ, তাঁরা ম’দ্য’প অবস্থায় ছিলেন। অভিযোগ আগেই ওই দোকানে গিয়ে তোলাবাজির চেষ্টা করেছিল ওই ৩ তৃণমূল কর্মী। কিন্তু ব্যবসায়ী দাবী অনুযায়ী টাকা দিতে রাজি হন নি। ফলে ব্যবসায়ীর উপর ক্ষোভ ছিলই আগের থেকে।
এরপর গতকাল, রবিবার রাতে সেই বহিঃপ্রকাশ ঘটে। আচমকাই ওই দোকানে ঢুকে মালিকের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, এরপরই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে তারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। রহড়া থানায় খবর দেওয়া হয়। সায়ন মজুমদার, পিকু মণ্ডল ও সন্তু নামে তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনায় দোকানের এক কর্মী বলেন, “ওরা এসেই দাদার সঙ্গে বাজে ভাবে কথা বলছিল। পাল্টা দাদাও বলেন। ওদের কাছে মদের বোতল, আরও অনেক কিছু ছিল”।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার ব্যবসায়ীরা বেশ আতঙ্ক এমন ঘটনায়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে তোপ দাগতে ছাড়ে নি বিজেপি। যদিও তৃণমূলের তরফে এখনও প্রতিক্রিয়া জানানো হয়নি।





