জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে এবার রথযাত্রা উপলক্ষে এল এক বড় চমক। দর্শকদের জন্য জি বাংলা নিয়ে এল এক বিশেষ পর্ব, যেখানে দেখা গেল বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। তবে তিনি সরাসরি মঞ্চে হাজির ছিলেন না, সুদূর মুম্বই থেকে অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্টে উপভোগ করেন তিনি।
এই বিশেষ পর্বে ছিল একের পর এক মনোমুগ্ধকর পারফরম্যান্স। কনীনিকা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জনপ্রিয় তারকাকে দেখা যায় মঞ্চে পারফর্ম করতে। রথযাত্রার আবহে সকলকে একসাথে রথ টানতেও দেখা যায়। আনন্দ, উৎসব আর নাচের সংমিশ্রণে জমজমাট হয়ে ওঠে ‘ডান্স বাংলা ডান্স’-এর এই বিশেষ পর্ব।
প্রকাশিত প্রোমোতে দেখা যায়, আমির খান একটানা মন দিয়ে অনুষ্ঠানের প্রতিটি নৃত্য পরিবেশনা উপভোগ করছেন এবং প্রশংসা করছেন পারফর্মারদের। মুম্বইয়ে বসে অনুষ্ঠান দেখলেও, তাঁর মুখে মুগ্ধতা স্পষ্ট। শুধু প্রশংসা নয়, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের এবং দর্শকদের রথযাত্রার শুভেচ্ছাও জানান তিনি।
তবে অনেকেই আমির খানের এই উপস্থিতিকে সহজভাবে নেননি। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, হঠাৎ করে তাঁর এই ‘জগন্নাথপ্রেম’ কি শুধুই কাকতালীয়? যদিও অধিকাংশই মনে করছেন, এটি আসন্ন ছবি ‘সিতারে জমিন পর’-এর প্রচারের কৌশল হিসেবেই করা হয়েছে।
প্রসঙ্গত, এবছর ডান্স বাংলা ডান্স-এর বিচারকের আসনে রয়েছেন যীশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা। সেই সঙ্গে মহাগুরু হিসেবে রয়েছেন মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুনঃ Khidirpur : ‘সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মমতা’— খিদিরপুর কাণ্ডে শুভেন্দু অধিকারীর তোপে উত্তাল রাজনীতি!
উল্লেখযোগ্য, আমির খানের নতুন ছবি ‘সিতারে জমিন পর’ মুক্তি পাচ্ছে ২০ জুন। ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা, যদিও ছবিটি ঘিরে ইতিমধ্যেই নানা বিতর্ক শুরু হয়েছে। তবুও এই ছবি নিয়ে বেশ আশাবাদী আমির খান।





