ছিন্নমস্তার সাজে বিতর্কিত নাচের ভিডিও ঘিরে গত কয়েকদিন ধরে আলোচনায় নৃত্যশিল্পী দেবরাজ চৌধুরী। একটি মঞ্চ পরিবেশনায় তাঁকে ছিন্নমস্তার রূপে দেখা যায়। পারফরম্যান্সের এক পর্যায়ে খোলা চুল সরিয়ে পশ্চাৎদেশ প্রদর্শনের দৃশ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। ‘নিত্যা’ নামে একটি প্রযোজনা সংস্থার আয়োজিত ওই অনুষ্ঠানে মহিলা নৃত্যশিল্পীর বদলে দেবরাজই ছিন্নমস্তার চরিত্রে ছিলেন বলে পরে জানা যায়।
বিতর্কের পর নিজের অবস্থান জানাতে ফেসবুক লাইভে আসেন দেবরাজ। তিনি জানান, এই ঘটনার পর তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকির মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে নিজের কাজের জন্য প্রকাশ্যে ক্ষমাও চান তিনি। দেবরাজের দাবি, মুহূর্তের উত্তেজনায় তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। পাশাপাশি তাঁর বক্তব্য, যা ঘটেছে তার জন্য তিনি অনুতপ্ত এবং বিষয়টি নিয়ে ক্ষমা চাওয়াই তাঁর কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে।
এর মধ্যেই সামনে এসেছে দেবরাজের পুরনো পরিচয়ও। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’-এ অংশ নিয়েছিলেন তিনি। সেই প্রতিযোগিতায় ‘রেনবো ডান্স গ্রুপ’-এর সদস্য হিসেবে ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন দেবরাজ। এবার সেই দলের প্রতিষ্ঠাতা নৃত্যশিল্পী রাত্রি দাসও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। দেবরাজের ক্ষমা চাওয়ার ভিডিও শেয়ার করে তিনি জানান, আগে থেকেই একাধিকবার তাঁকে সতর্ক করেছিলেন। এমনকি অনুষ্ঠানের আগে এবং পোস্টার প্রকাশের পরও বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছিল বলে দাবি করেছেন রাত্রি।
রাত্রি আরও জানিয়েছেন, দেবরাজের নাচের প্রতি তাঁর বরাবরই শ্রদ্ধা রয়েছে। তবে এই নির্দিষ্ট পরিবেশনার সিদ্ধান্ত নিয়ে তিনি হতাশ। তাঁর মতে, ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া কখনও ছোট হওয়ার বিষয় নয়। তিনি দেবরাজকে পরিস্থিতির মধ্যে শক্ত থাকার পরামর্শও দিয়েছেন। একইসঙ্গে তাঁর বক্তব্য, আগে থেকেই যদি সতর্কবার্তা গুরুত্ব দিয়ে শোনা হত, তাহলে হয়তো বর্তমান পরিস্থিতি তৈরি হত না। তাঁর এই বক্তব্য নতুন করে বিষয়টি নিয়ে আলোচনা বাড়িয়েছে।
আরও পড়ুনঃ বিগ বস বাংলার জন্য আচমকাই শেষ হচ্ছে স্টার জলসার অন্যতম ২ জনপ্রিয় ধারাবাহিক! জেনে নিন, ৩১ অগস্ট থেকে কোন কোন ধারাবাহিক আর দেখতে পাবেন না? তালিকায় নেই তো আপনার প্রিয় গল্প?
অন্যদিকে, অনুষ্ঠানের আয়োজক ‘NITYA_faculty_of_sight’ নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে। তাদের দাবি, নাচের ভঙ্গি, কোরিওগ্রাফি এবং মঞ্চে উপস্থাপনার সিদ্ধান্ত ছিল সংশ্লিষ্ট শিল্পীর নিজস্ব। আয়োজকদের পক্ষ থেকে নির্ধারিত স্ক্রিপ্ট ও অডিয়ো দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। রিহার্সালের সময় নির্ধারিত পোশাক ব্যবহার করা হয়নি বলেও দাবি তাদের। ফলে চূড়ান্ত মঞ্চে কী পোশাক ব্যবহার করা হবে, তা আগে থেকে তাদের জানা ছিল না। ওই নির্দিষ্ট উপস্থাপনার জন্য তারা দুঃখপ্রকাশ করলেও, পুরো বিষয়টির দায় আয়োজক দলের উপর বর্তায় না বলেই স্পষ্ট করেছে সংস্থাটি।






