মৃত্যুর পর তিনমাস কেটে গেলেও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য এখনও অধরা। সিবিআই তদন্ত করলেও মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি। সুশান্তের মৃত্যু নিয়ে সিবিআই সিদ্ধান্ত নিতে দেরি করায় হতাশ হয়েছেন অভিনেতার পরিবার ও পরিবারের আইনজীবী বিকাশ সিং। তিনি এও দাবী করেন যে, এইমস-এর টিমের তরফ থেকে তাকে বলা হয় শ্বাসরোধ করেই খুন করা হয়েছে সুশান্তকে।
শুক্রবার টুইটে বিকাশ সিং লেখেন, “সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি খুন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সিবিআই যেভাবে দেরি করছে, তাতে আমরা হতাশ। এইমস-এর চিকিৎসকরা অনেক আগেই আমায় জানিয়েছিলেন যে তাঁরা ২০০ শতাংশ নিশ্চিত যে সুশান্তকে গলা টিপে মেরে ফেলা হয়েছে”। তার এই টুইট শেয়ার করে অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি লেখেন, “আমরা অনেক ধৈর্য ধরে রয়েছি, সত্য প্রকাশে আর কত সময় লাগবে?”
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য ঘিরে অনেকদিন ধরেই জলঘোলা চলছে। সিবিআই-এর জেরাতে জেল হেফাজতে নেওয়া হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীকে। এতদিন কেটে গেলেও তাকে মন থেকে ভুলে যেতে পারেননি সুশান্তের ভক্তেরা। প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে তার মৃত্যুরহস্য উদ্ঘাতনের দাবী চলতে থাকে। বেশিরভাগ মানুষই তার মৃত্যুর জন্য আঙ্গুল তুলেছে বলিউডের একাংশের দিকে।
প্রসঙ্গত, গতও ১৪ই জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। এই মামলায় সিবিআই-এর পাশাপাশি তদন্ত চালাচ্ছে এনসিবি ও ইডিও।






