উত্তম কুমারের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ডাক পাননি তরুণ কুমারের পরিবার, ক্ষোভ উগরে দিলেন নাতি সৌরভ

ধুমধাম করে পালিত হয়েছে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী। কিন্তু সেই বিশেষ আয়োজনেই আমন্ত্রণ জানানো হয়নি উত্তম কুমারের ভাই তথা অভিনেতা তরুণ কুমারের পরিবারকে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায় ও নাতবউ ত্বরিতা চট্টোপাধ্যায়।

শনিবার তরুণ কুমারকে নিয়ে লেখা ‘চির-তরুণ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ ও ত্বরিতা। সেখানেই উত্তম কুমারের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে তাঁদের পরিবারকে আমন্ত্রণ না জানানোর প্রসঙ্গ ওঠে। সৌরভ জানান, সরকারের প্রতি তাঁর কোনও অভিযোগ নেই, তবে অনুষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিষয়টি জানানো উচিত ছিল বলে মনে করেন তিনি।

সৌরভের কথায়, ছোট থেকেই তিনি বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত একাধিক মানুষের নাম শুনে এসেছেন। তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। তাঁর প্রশ্ন, তাঁরা কি একবারও সরকারকে জানাতে পারতেন না যে তরুণ কুমার ছিলেন উত্তম কুমারের ভাই এবং তাঁর পরিবার এখনও রয়েছে?

নিজের জন্য বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও মায়ের কথা ভেবেই কষ্ট পেয়েছেন সৌরভ। তাঁর বক্তব্য, তরুণ কুমারের মেয়ে হিসেবে তাঁর মায়ের অন্তত একটি আমন্ত্রণপত্র পাওয়া উচিত ছিল। শুধু উত্তম কুমারকে নিয়ে ভাবলেই হবে না, তাঁর পাশে যাঁরা ছিলেন এবং যাঁদের তিনি সম্মান করতেন, তাঁদের পরিবারকেও মনে রাখা প্রয়োজন বলে মনে করেন সৌরভ।

আরও পড়ুনঃ ‘শিক্ষা-রুচি খুইয়ে কাউকে গুরু মানতে হবে?’ সৌরভের সঞ্চালনা নিয়ে সরব রূপালি ভট্টাচার্য

স্বামীর কথার সঙ্গে সহমত পোষণ করেছেন ত্বরিতাও। তাঁর দাবি, হয়তো বর্তমান সরকারের কাছে তরুণ কুমার ও উত্তম কুমারের পারিবারিক সম্পর্কের বিষয়টি সঠিক ভাবে পৌঁছয়নি। উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে টলিপাড়ার বহু তারকাকে দেখা গেলেও তরুণ কুমারের পরিবারের অনুপস্থিতি তাই নতুন করে প্রশ্ন তুলেছে।

আরও অন্যান্য খবর