ফের একবার রাজ্যে এক বড় কর্মসূচি শুরু হল। এবার রাজ্যবাসীর কাছে আরও সহজলভ্য চিকিৎসা। আমজনতার স্বাস্থ্য পরিষেবার জন্য শুরু হচ্ছে ‘সেবাশ্রয়’ কর্মসূচি। এই নতুন কর্মসূচি শুরু করতে চলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে ৩০ নভেম্বর চিকিৎসক সমাবেশের আয়োজন করবেন তিনি। আর হলও তাই। আজ, শনিবার অর্থাৎ ৩০ নভেম্বর আমতলায় ‘ডক্টরস কনভেনশন’ অনুষ্ঠানের আয়োজন করলেন অভিষেক। এই অনুষ্ঠান থেকেই নিজের সংসদীয় এলাকায় মানুষের জন্য আরও সহজে চিকিৎসা ব্যবস্থা করলেন তিনি।
এদিন এই চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছিলেন রাজ্যের নানান জেলা থেকে আগত প্রায় ১৩০০ জন চিকিৎসক। এদিন ফের একবার ডায়মন্ড হারবার মডেল প্রসঙ্গ তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মডেল নিয়ে অনেকে কটাক্ষ করলেও এই মডেলই যে করোনাকালে এক দৃষ্টান্ত হয়ে উঠেছিল, তাও বুঝিয়ে দিলেন তিনি। এই কাজকেই আরও এগিয়ে নিয়ে যেতে ডায়মন্ড হারবারে তিনি শুরু করতে চলেভহেন এই ‘সেবাশ্রয়’ কর্মসূচি। এই কর্মসূচিতে স্বাস্থ্য শিবির চলবে ৭৫ দিন ধরে। আগামী বছরের ২ তারিখ থেকেই শুরু হচ্ছে এই কর্মসূচি। এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চিকিৎসা তো বটে, নানান পরীক্ষাও করাতে পারবেন ডায়মন্ড হারবারের মানুষ।
অভিষেক এই নিয়ে বলেন, “এক একটি বিধানসভায় ৪০টি ক্যাম্প, ১০ দিন ধরে চলবে। ডায়মন্ডহারবার, ফলতা, মেটিয়াবুরুজ সহ বেশ কয়েকটি বিধানসভায় ক্যাম্প হবে। ২ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। ৭০ দিনে ৭ টি বিধানসভায় ক্যাম্প হবে। ৭০ দিনের শেষ ৫ দিন ২৮০টি শিবিরে টানা কর্মসূচি চলবে”।
অভিষেকের কথায়, “রোগী আর চিকিৎসকদের সম্পর্কের বন্ধন থাকা দরকার। অনেক সময় শুনতে পাই, চিকিৎসকরা অভিযোগ করেন যে রোগীর পরিবার তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি বলছি, আমাদের মতো জনপ্রতিনিধিদের সঙ্গেও অনেক সময় খারাপ ব্যবহার করা হয়। কিন্তু তা সত্ত্বেও বলব, আপনারা তাঁদের কাছে যান, বোঝান। কথা বলুন। আপনাদের কোথাও কোনও অসুবিধা হলে আমি দেখব সেটা। আমি ইতিমধ্যে একটা হেল্পলাইন নম্বর চালু করতে বলেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলতে বলেছি। ১০ জনের একটা কোর টিম গড়ে দিয়েছি। সমস্যায় পড়লে আপনারা যোগাযোগ করুন, সাহায্যা পাবেনই”।
আরও পড়ুনঃ ‘মানুষ অসুস্থ হলে চিকিৎসা করবে না?’, কলকাতার হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করায় তীব্র বিরোধিতা করলেন ফিরহাদ হাকিম
জানা গিয়েছে, ১০০০ চিকিৎসক, ১৫০০ স্বেচ্ছাসেবক এর দায়িত্ব নিয়েছেন। প্রত্যেক বিধানসভায় এলাকায় অন্তত ৪০ টি ক্যাম্প হবে। ১২টি হাসপাতাল এই কর্মযজ্ঞে অংশ নিতে আগ্রহী। অভিষেকের কথায়, ”আমি চাইলেই যে এই ব্যবস্থা হয়ে যেত তা নয়। সবাই মিলে এই কর্মসূচি আয়োজন করেছেন। আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি”। অভিষেক এও জানান, এরপর কলকাতায় ৫০০০ চিকিৎসককে নিয়ে সমাবেশ করবেন তিনি।






