তিনি পাকিস্তানের জনক। ভারত-পাকিস্তান ভাগের পর পাকিস্তানের জন্মের নেপথ্যে তাঁর ভূমিকা অপরিসীম। এবার সেই রাষ্ট্রপিতার মূর্তিরই স্থান হল না খোদ পাকিস্তানেই। ধূলিসাৎ হল তাঁর মূর্তি।
হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে মহম্মদ আলি জিন্নাহ্কে নিয়েই। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশেই বোমা দিয়ে ধূলিসাৎ করা হল জিন্নাহ্র মূর্তি। এই ঘটনায় গোটা পাকিস্তানে রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, বালোচ প্রদেশের গাদর শহরের মেরিন ড্রাইভে অবস্থিত জিন্নাহ্র মূর্তিটি একটি বিস্ফোরণের দ্বারা উড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ওই মূর্তির নিচে রিমোট নিয়ন্ত্রণ বোমা লাগানো ছিল। এই গোটা ঘটনার দায় নিয়েছে সেখানকার স্বাধীনতাকামী সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি।
গতকাল, রবিবার এই সংগঠনের মুখপাত্র বাবগার বালোচ জানান যে তাদের দলের অভিজ্ঞ সদস্যরাই এই ঘটনা ঘটিয়েছে। তিনি এও জানান যে তাদের মতে বালুচিস্তানে মহম্মদ আলি জিন্নাহ্র আদর্শের কোনও স্থান নেই।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গাদরের এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, “একাধিক গুরুর সরকারি দফতরের সামনে দাঁড়িয়ে ছিল ওই মূর্তিটি৷ রবিবার সকাল ন’টায় অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি সেটিকে ধূলিস্যাৎ করে দেয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ আধিকারিকরা ছুটে গিয়েছিলেন ঠিকই। তবে, এখনও অবধি কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্তপ্রক্রিয়া এখনও চলছে”।





