বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে টালমাটাল। হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশজুড়ে অস্থিরতা বাড়ছে, আর সেই অস্থিরতার কেন্দ্রে রয়েছেন মহম্মদ ইউনুস। নানা বিতর্কে জড়ানো ইউনুসকে ঘিরে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা চলছে। বিরোধীরা অভিযোগ করছে, দেশের শাসনব্যবস্থা অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছেন তিনি, আর তাঁর নির্দেশেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান প্রশাসন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশে, কারণ একনায়কতন্ত্রের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে নানা ঘটনায়।
ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। একুশে ফেব্রুয়ারি মানেই শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, ঐক্যের বার্তা ও জাতীয় চেতনার পুনর্জাগরণ। প্রতিবছর এই দিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, যা একপ্রকার রীতি হয়ে গিয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিটি সরকারেরই চেষ্টা থাকে, কারণ এটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং জাতীয় সংহতির প্রতীক। কিন্তু এবছর সেই রীতিতেই লাগল বড়সড় ধাক্কা, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্বয়ং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এবছর ভাষা দিবসে শহিদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করলেন না তিনি, তাও রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর উপস্থিতিতে। প্রতি বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে শহিদ মিনারে যাওয়া রীতি থাকলেও, এবার রাষ্ট্রপতি একাই শ্রদ্ধা জ্ঞাপন করলেন। ইউনুস সেখানে গেলেন রাষ্ট্রপতি ফিরে যাওয়ার ৭ মিনিট পর। শুধু তাই নয়, রাষ্ট্রপতির সঙ্গে কোনও উপদেষ্টার সৌজন্য বিনিময়ও হয়নি, যা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুনঃ ধর্মান্তরণের নামে জঙ্গি নিয়োগ? বাংলার জেলে বসেই দেশবিরোধী চক্রান্তের ভয়ংকর খেলা!
রাজনৈতিক মহলের একাংশের দাবি, আওয়ামি লিগ সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ায় ইচ্ছাকৃতভাবেই তাঁকে শহিদ মিনারে একা পাঠানো হয়েছে। অভিযোগ উঠছে, রাষ্ট্রপতিকে ভয় দেখিয়ে সেখানে যেতে নিষেধ করা হয়েছিল, যদিও তিনি সেই হুমকিকে অগ্রাহ্য করে শহিদ মিনারে যান। এদিকে, রাষ্ট্রপতির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউনুস প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা। কেউ কেউ বলছেন, এটি বাংলাদেশের রাজনৈতিক বিভাজনের আরও একটি স্পষ্ট উদাহরণ।
এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউনুসের এই পদক্ষেপকে কেউ কেউ ক্ষমতার অহংকার বলছেন, কেউ বলছেন এটি পাকিস্তান ঘেঁষা মনোভাবের বহিঃপ্রকাশ। সমালোচকদের মতে, ভাষা শহিদদের প্রতি এই অসম্মান শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক নয়, বরং জাতীয় ঐক্যকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। ইউনুসের এই পদক্ষেপের পর বাংলাদেশে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।






