রাজ্যের বিভিন্ন স্টেশনে রেলের জমি দখল করে থাকা অবৈধ নির্মাণ ও হকারদের সরিয়ে দেওয়ার অভিযান নিয়ে বেশ আলোচনা চলছে। নির্দিষ্ট সময়ের নোটিস দেওয়ার পর একাধিক জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভারতীয় রেল। এই পদক্ষেপকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যেমন সমর্থন রয়েছে, তেমনই হকারদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
এই পরিস্থিতির মধ্যেই শিয়ালদহ ডিভিশনের স্টেশনগুলির জন্য নতুন একটি পরিকল্পনা সামনে এনেছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, উচ্ছেদ হওয়া জায়গাগুলিতে আধুনিক ভ্রাম্যমাণ দোতলা স্টল বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব স্টল চুক্তির ভিত্তিতে পরিচালিত হবে এবং প্রয়োজনে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যাবে।
আরও পড়ুন: অক্ষয় কুমারের স্ত্রীকে চ’ড় মা’রতে গিয়েছিলেন আমির খান! এমন কী করেছিলেন টুইঙ্কল খন্না? বহু বছর পর সামনে এল সেই ঘটনা! কোন ছবির শুটিং চলাকালীন এমন কাণ্ড ঘটেছিল, জানেন?
রেল সূত্রে খবর, স্টলগুলির নকশা ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে। প্রতিটি স্টলের নিচের অংশে খাবার বিক্রি করা হবে, আর উপরের তলায় যাত্রীদের বসে খাওয়ার ব্যবস্থা থাকবে। ফলে স্টেশন চত্বরে খাবারের সুবিধা যেমন বজায় থাকবে, তেমনই পরিবেশও থাকবে আরও গোছানো ও পরিষ্কার।
উচ্ছেদের পর অনেক যাত্রীর আশঙ্কা ছিল যে সস্তার খাবারের বিকল্প কমে যাবে এবং স্টেশনের দোকান থেকে বেশি দামে খাবার কিনতে হবে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন স্টলগুলিতে সাধারণ মানুষের নাগালের মধ্যেই খাবারের দাম রাখা হবে। পাশাপাশি খাবারের মান ও স্বাস্থ্যবিধির বিষয়েও বিশেষ নজর দেওয়া হবে।
প্রাথমিকভাবে কলকাতা ও শিয়ালদহ স্টেশনে এই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। সেখানে যাত্রীদের সাড়া এবং প্রকল্পের সাফল্য পর্যালোচনা করে পরে অন্যান্য স্টেশনেও এই ধরনের স্টল চালু করা হবে। পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে স্টল পরিচালনার সুযোগ দেওয়া হবে এবং রেলের নির্ধারিত সমস্ত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক থাকবে।






