কাশ্মীর ইস্যুতে ফ্রান্স আগেও ভারতের পাশে ছিল, এখনও রয়েছে। এই কারণেই রাষ্ট্রসংঘের সুরক্ষা পরিষদে চীনকে কোনও কার্যসিদ্ধি করতে দেবে না ফ্রান্স। চীনের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য প্রস্তুত ফ্রান্স। বৃহস্পতিবার বিবেকানন্দ আন্তর্জাতিক ফাউন্ডেশন দ্বারা আয়োজিত ফ্রান্স ও ভারতঃ স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিকের অংশীদার অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বললেন ফরাসী রাষ্ট্রপতির উপদেষ্টা।
সূত্রের খবর অনুযায়ী, ভারত ও ফ্রান্সের মধ্যে রণনৈতিক বার্তার জন্য ভারত সফরে এসেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ’র কূটনৈতিক উপদেষ্টা এমানুয়েল বোন। এদিন চীনের বিরুদ্ধে হুংকার শানিয়ে তিনি বলেন, “চীন যেমন নিয়ম ভাঙে, তেমন আমাদেরও আরও মজবুত হতে হবে। ভারত মহাসাগরে আমাদের নৌসেনার উপস্থিতি তাই-ই বুঝিয়ে দেয়। আমরা প্রকাশ্যে চীনকে যা বলি, তা চীনকে ব্যক্তিগতভাবেও বলতে পারি। এখানে কোনও অস্পষ্টতা নেই”।
এদিনের অনুষ্ঠানে ভারতের পাশে থাকার কথা জানিয়ে এমানুয়েল বোন আরও বলেন যে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের একত্রিত ‘স্কোয়াড’-এর সঙ্গে ফ্রান্সের যোগাযোগ রয়েছে। ভবিষ্যতে এই দেশগুলির সঙ্গে কিছু নৌমহড়া হতে পারে বলেও ইঙ্গিত দেন বোন।
উল্লেখ্য, ফ্রান্সের নৌসেনা তাইওয়ানের সামুদ্রিক এলাকায় টহল দেওয়া একমাত্র নৌসেনা। একথাও এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন এমানুয়েল বোন। এটি যে একেবারেই চীনকে কোনওভাবে উস্কানি দেওয়ার জন্য নয়, এমন কথাও বলেন তিনি। তাঁর কথায় এটি শুধুমাত্র আন্তর্জাতিক বিধি অনুসরণ করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া মাত্র। ফ্রান্স কোনওভাবেই দ্বন্দ বাড়াতে উদ্যোগী নয়।
এদিনের অনুষ্ঠানে তিনি এও স্বীকার করেন যে উক্ত কথাগুলি দিল্লির চেয়ে প্যারিসের বলা সহজ যখন হিমালয় নিয়ে এই দেশের অনেক সমস্যা থাকে ও সীমান্তে পাকিস্তানের মতো একটি দেশ থাকে।





