চোখ খুলে দিল বেইরুট বিস্ফোরণ, চেন্নাই থেকে সরানো হল ৬৯৭ টন অ্যামোনিয়াম নাইট্রেট

মঙ্গলবার লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ বিস্ফোরণের পর চেন্নাই শহরের কাছে একটি বন্দরে যে ৬৯৭ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা ছিল তা সরিয়ে দেওয়া হলো। বেইরুটের ঘটনার পর এই মজুত রাসায়নিক নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না প্রশাসন। তাই ওই বিপুল পরিমাণ বিস্ফোরককে নিলামে তুলল প্রশাসন।

সূত্রের খবর, এই বিপুল পরিমাণ বিস্ফোরককে অনলাইনে নিলামে তোলার পর ৬৯৭ টন অ্যামোনিয়াম নাইট্রেটকে হায়দরাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপাতত চেন্নাইয়ের কাছে ফ্রেইট স্টেশনে কয়েকটি কার্গোতে ভরে রাখা ছিল এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। যার মধ্যে কয়েকটি কার্গো হায়দরাবাদের পথে রওনা হয়েছে।

২০১৫ সালে ভারতের কাস্টম আইন ১৯৬২ অনুযায়ী, তামিলনাড়ুর এক সংস্থা বেআইনিভাবে দক্ষিণ কোরিয়া থেকে এই অ্যামোনিয়াম নাইট্রেট আমদানি করেছিল। তার দাবি ছিল সে এই বিস্ফোরক পদার্থকে সার তৈরির কাজে ব্যবহার করবে। এরপর বাজেয়াপ্ত করা হয় এই বিপুল অ্যামোনিয়াম নাইট্রেট এবং চেন্নাই থেকে ২০ কিলোমিটার দূরে জনবসতিহীন ফ্রেইট স্টেশনে এই রাসায়নিক রাখা হয়। বর্তমানে এর মধ্যে সাত টন অ্যামোনিয়াম নাইট্রেট ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। বাকি ৬৯০ টন রাসায়নিককে আপাতত ই-অকশনে তোলা হয়েছে।

প্রসঙ্গত, ভারতীয় সময় রাত ৯টা নাগাদ বেইরুটে ওই বিস্ফোরণ ঘটে। ঘটনায় প্রায় ১৬০ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ২০০০ এর ওপর। এরপর সোশ্যাল মিডিয়া জুড়ে ওই ঘটনার ছবি ভাইরাল হয়ে যায়। মানুষ এমন ঘটনা দেখে রীতিমত শিহরিত। ঘটনার পর লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, ‘দোষীদের চরম শাস্তি দেওয়া হবে।’ আপাতত বেইরুটে জরুরি অবস্থা জারি রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে বিমানবন্দরও।

RELATED Articles

Leave a Comment