একটি সাধারণ অফিসিয়াল গাইডলাইন কতটা বড় বিতর্কের জন্ম দিতে পারে, তার সাম্প্রতিক উদাহরণ হয়ে উঠেছে লেন্সকার্ট (Lenskart)। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়া একটি নথি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা, যেখানে দাবি করা হয়েছিল কর্মীদের ধর্মীয় চিহ্ন যেমন টিপ, তিলক পরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রথমে বিষয়টি অনেকের নজরে না পড়লেও, ধীরে ধীরে তা জনমতের কেন্দ্রে উঠে আসে এবং তৈরি হয় প্রশ্নের ঝড়।
লেন্সকার্ট স্টাফ ইউনিফর্ম এবং গ্রুমিং গাইড (Lenskart Staff Uniform and Grooming Guide) নামে ওই নথিতে উল্লেখ ছিল, কর্মীরা কোনও ধর্মীয় টিকা, টিলক বা টিপ পরতে পারবেন না। এমনকি অন্য একটি সংস্করণে সিঁদুর বা কালোয়া দৃশ্যমান থাকলেও তা নিয়মবিরুদ্ধ বলে উল্লেখ করা হয়েছিল। এই তথ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই একে ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখেন। ফলে বিষয়টি দ্রুত সংবেদনশীল আকার ধারণ করে।
বিতর্ক চরমে উঠতেই সামনে আসেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও পিয়ূষ বনসল (Peyush Bansal)। তিনি স্পষ্ট জানান, ভাইরাল হওয়া নথিটি পুরনো এবং বর্তমান নীতিমালার অংশ নয়। তাঁর কথায়, “আমাদের সংস্থায় কোনও ধর্মীয় প্রতীক নিষিদ্ধ নয়। টিপ, তিলক সবই অনুমোদিত।” পাশাপাশি তিনি এটাও স্বীকার করেন, ওই নথিতে ভাষাগত ভুল ছিল এবং সেটি আপডেট করা হয়নি বলেই বিভ্রান্তি তৈরি হয়েছে।
পিয়ূষ বনসল আরও জানান, এই সমস্যাটি নতুন নয়। গত ১৭ ফেব্রুয়ারিতেই সংস্থার অভ্যন্তরে এই ত্রুটি চিহ্নিত করা হয়েছিল এবং সঙ্গে সঙ্গে তা সংশোধন করা হয়। অর্থাৎ, বিষয়টি জনসমক্ষে আসার আগেই সংশোধনের কাজ সম্পন্ন হয়েছিল। তবে কেন সেই পুরনো নথি বাইরে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি স্বীকার করেছেন, একজন সিইও হিসেবে বিষয়টি আরও আগে নজরে আনা উচিত ছিল।
আরও পড়ুনঃ নতুন পুত্রবধূর সঙ্গে একি করলেন শ্বশুর! ফুলশয্যায় অদ্ভুত সিদ্ধান্তে বিপদে, টলিপাড়ার তারকা নবদম্পতি!
সবশেষে পিয়ূষ বনসল স্পষ্টভাবে জানান, সংস্থা কখনও ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে নয় এবং ভবিষ্যতেও হবে না। এই বিভ্রান্তির জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে এমন ভুল যাতে না হয়, তার জন্য নথি যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা হবে। পুরনো একটি নথিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্কে শেষ পর্যন্ত লেন্সকার্ট নিজেদের অবস্থান পরিষ্কার করলেও, ঘটনাটি কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।





