‘যারা রামের অস্তিত্বে বিশ্বাস করে না, তারাই এখন রাবণকে টেনে আনছে’, কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রী মোদীর

গুজরাতে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। সে রাজ্যে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কোনও প্রকারে গুজরাতে ফের বিজেপিকে ক্ষমতায় আনাই এখন একমাত্র লক্ষ্য তাঁর।

আজ, বৃহস্পতিবার গুজরাতের পঞ্চমহল জেলার কলোল শহরে এক নির্বাচনী জনসভায় যোগ দেন নরেন্দ্র মোদী। এই সভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন যে তাঁকে নিয়ে কংগ্রেস নেতাদের মধ্যে কুরুচিকর মন্তব্য করার প্রতিযোগিতা চলছে। মল্লিকার্জুন খাড়গে প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন যে তাঁর বিরুদ্ধে কে অবমাননাকর ও কুরুচিকর শব্দ ব্যবহার করবে, তা নিয়ে কংগ্রেস নেতাদের মধ্যে রেষারেষি চলছে।

এদিন মধুসূদন মিস্ত্রির মন্তব্যকে উল্লেখ করে মোদী বলেন, “খাড়গের আগেও আরেক কংগ্রেস নেতা বলেছিলেন যে, আমাকে আমার আসল ‘আউকাত’ (স্থান) দেখাবে”।

বলে রাখি, গত ২৮শে নভেম্বর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আহমেদাবাদ শহরের বেহরামপুরা এলাকায় একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাবণের সঙ্গে তুলনা করে মোদী প্রসঙ্গে বলেছিলেন, “মোদী তুমি কি ১০ মাথাওয়ালা রাবণের মতো? যে সব জায়গায় থাকবে”?

এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “কে তার বিরুদ্ধে সবচেয়ে অবমাননাকর এবং কুরুচিসম্পন্ন শব্দ ব্যবহার করবে তা নিয়ে সমস্ত কংগ্রেস নেতাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে। যারা কখনও ভগবান রামের অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা এখন রামায়ণ থেকে রাবণকে এনেছে। আমি আরও অবাক হচ্ছি যে অন্যের প্ৰতি অশ্লীল শব্দ ব্যবহার করার পরও এদের কোনো অনুশোচনা নেই, এরা ক্ষমাপ্রার্থী নয়। আমি রামভক্ত, আর রামভক্তকে রাবণ বলা ভুল। বিরোধীরা যত বেশি কাদা ছুড়বে, তত বেশি পদ্ম ফুটবে”।

বলে রাখি, আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে গুজরাতে বিধানসভা নির্বাচন। এদিন প্রথম দফায় সৌরাষ্ট্র-কচ্ছ সহ গুজরাতের দক্ষিণাঞ্চলের মোট ১৯টি জেলার ৮৯টি আসন ভোট হয় এদিন। আগামী সোমবার উত্তর ও মধ্য গুজরাতের ৯৩টি আসনে হবে দ্বিতীয় দফার ভোট। ভোট গণনা হবে ৮ই ডিসেম্বর।

RELATED Articles