দীপাবলির আগেই পেট্রোল-ডিজেলের উপর আবগারি শুল্ক কম করায় পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমেছে। এর জেরে খানিক স্বস্তির নিয়েছিল সাধারণ মানুষ। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, উৎপাদনকারী দেশগুলির সংস্থা OPEC অপরিশোধিত তেলের উৎপাদন বাড়াতে অস্বীকার করেছে। এই কারণে ভারত, আমেরিকার মতো নানান অপরিশোধিত তেলের ভোক্তা দেশগুলি এবার এমন ব্যবস্থা নিচ্ছে, যাতে তেলের দাম কমবে।
সূত্রের খবর অনুযায়ী, ভারত মজুত করে রাখা তেলের মধ্যে থেকে ৫০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে। আর এর জন্য আমেরিকা, চীন ও নানান বড় অর্থনীতির সঙ্গে কাজ করা শুরু করেছে ভারত।
জানা গিয়েছে, আগামী ৭-১০ দিনের মধ্যেই এই কাজ শুরু হয়ে যাবে। এই তেল যদি ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড ও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কাছে বিক্রি করলে পেট্রোল-ডিজেলের দাম আরও ১০-১৭ টাকা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিম এবং পূর্ব উভয় উপকূলে, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম এবং কর্ণাটকের ম্যাঙ্গালুরু এবং পাদুরে কৌশলগত তেল মজুত করে ভারত। বর্তমানে প্রায় ৩.৪ কোটি ব্যারেল রয়েছে। ভারত চাইলে প্রয়োজনে আরও বেশি ব্যারেল তেল উত্তোলন করতে পারবে। আমেরিকার সঙ্গে চীন এবং জাপানকেও এই নিয়ে একসঙ্গে কাজ করতে উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ করেছে ভারত। বেশি পরিমাণে কৌশলগত মজুত তেল উত্তোলন করার জন্যই এই ব্যবস্থা।
সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, “বিশ্ব অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনতে তেলের দাম বৃদ্ধির প্রভাব কার্যকরী হতে পারে। তবে মনে করা হছে, এই অপরিশোধিত তেলের চালান বেশি করে বের করে আনলে, তেলের দাম আরো কিছুটা কমতে পারে”।





