গতকাল বিকেলের দিকে আচমকা একটি টুইট। যা নিয়ে সমস্ত মহলে শোরগোল পড়ে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই টুইট থেকে অনেকেই মনে করেছিলেন হয়ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন মহারাজ।
শুধু তাই-ই নয়, এর পাশাপাশি তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনাটিও যেন আরও জোরালো হয়ে ওঠে তাঁর সেই ইঙ্গিতবাহী টুইটের মাধ্যমে। নানান মহলে নানান আলোচনা হতে থাকে এই নিয়েও। এবার সমস্ত জল্পনায় জল ঢেলে আসল বিষয়টি সামনে আনলেন সৌরভ নিজেই।
আজ, বৃহস্পতিবার সকালেই তিনি টুইট করে খোলসা করে জানান যে তিনি একটি টিউটোরিয়াল অ্যাপ লঞ্চ করতে চলেছেন। ছাত্র ও শিক্ষক, উভয়ের জন্যই এই অ্যাপটি অত্যন্ত কার্যকরী হতে চলেছে বলে আশা রাখছেন সৌরভ। তাঁর এই অ্যাপটির নাম ‘ClassPlus’।
এই অ্যাপের সম্পর্কে টুইটারে সৌরভ জানান যে তিনি দীর্ঘদিন ধরেই সমস্ত প্রশিক্ষক ও শিক্ষাবিদদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন যাঁরা প্রতিভা তৈরি ও লালন-পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
https://twitter.com/SGanguly99/status/1532276568071995393
বলে রাখি, গতকালের টুইটে সৌরভ লিখেছিলেন, “১৯৯২ সালে ক্রিকেটের যাত্রা শুরু করার পর ২০২২ সালে এসে তা ৩০ বছর পূর্ণ করল। তখন থেকেই ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব থেকে বড় হল, এই ক্রিকেট আমাকে আপনাদের সকলের সমর্থন দিয়েছে। আমি সেই প্রত্যেকটি মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা প্রতি মুহূর্তে আমার সঙ্গে থেকেছেন, আমাকে সমর্থন করেছেন। আমি আজ যেখানে পৌঁছেছি, সেখানে পৌঁছতে সাহায্য করেছেন”।
এরপরই তিনি লিখেছিলেন, “আজ থেকে অন্য কিছু একটা করার পরিকল্পনা করছি যাতে আমার মনে হয় আমি অনেক মানুষকে সাহায্য করতে পারব। আমি আশা রাখছি, আমার জীবনের নতুন এই অধ্যায়েও আপনারা সকলে আমার পাশে থাকবেন”।
https://twitter.com/SGanguly99/status/1531966403326054401
সৌরভ জানান যে শিক্ষাব্যবস্থাকে এক নতুন রূপ দেওয়ার স্বার্থেই নতুন এই অ্যাপটি লঞ্চ করছেন তিনি। এও জানান যে নিজের টিমের ব্যক্তিগত প্রচেষ্টার জেরেই একটি বিশ্বব্যাপী টিউটোরিয়াল অ্যাপ আনতে চলেছেন তিনি। এই অ্যাপের মাধ্যমে সহজ পদ্ধতিতে পড়ুয়াদের টিউশন দেওয়ার ব্যবস্থা করা হবে।





