হেমতাবাদের বিধায়কের রহস্য মৃত্যুতে ফের সরকারকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সিবিআই তদন্তের দাবি জানিয়ে রবিবার মালদহে সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ দাবি করেন, হেমতাবাদের বিধায়কের খুনি কে, তা সবাই জানে। কে তাঁর পকেটে সুইসাইড নোট রেখেছে তা সকলের জানা। কটাক্ষ করে তিনি বলেছেন, বিষয়টি জানে না শুধু পুলিশ এবং রাজ্য সরকার। একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানান সিবিআই তদন্ত করলেই সব কিছু সামনে চলে আসবে। তিনি দাবি করেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে আত্মহত্যার নাম দিয়ে কে তাঁকে হত্যা করেছে।
১৩ জুলাই সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দাবি করে তাঁর পকেট থেকে সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ তোলা হয়। সোমবার দিলীপ বাবু হেমতাবাদ যাবেন। বিধায়কের পরিবারের সঙ্গে কথা বলবেন বিজেপির রাজ্য সভাপতি। প্রসঙ্গত উল্লেখ্য সিআইডি তদন্তভার নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে।





