‘পাল্টিবাজরা’ দলে ফিরলে অন্য দলে যোগ দিয়ে ‘বেইমান’ হবেন বলেছিলেন, অর্জুনের ঘর ওয়াপসির পরই সুর পাল্টালেন দেবাংশু

ঘর ওয়াপসির শুরুটা হয়েছিল মুকুল রায়কে (Mukul Roy) দিয়ে। এরপর একে একে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। আর গতকাল, রবিবার অর্জুন সিং (Arjun Singh) ঘর ওয়াপসি করে সেই বৃত্ত সম্পূর্ণ করেছেন। এমন পরিস্থিতিতে এই ‘পাল্টিবাজদের’ তৃণমূলে ফেরা নিয়ে যে দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) এক সময় কড়া আক্রমণ শানিয়েছিলেন, সেই দেবাংশুর গলাতে এবার বাজল অন্য সুর।

সালটা ২০১৯। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন তৃণমূলের এই যুবনেতা। বেশ আত্মবিশ্বাস নিয়েই তিনি লিখেছিলেন, “যারা পাল্টি মারছে, ২০১১-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হওয়ার পর যদি এদের ফেরত নেওয়া হয়, সেদিন থেকে আমি আম আদমি পার্টি বা কংগ্রেসকে সমর্থন করব। কিংবা অন্য কোনো সমমনভাবাপন্ন দলের পাশে দাঁড়াবো। সেদিন আমি বেইমান হব। গর্বিত বেইমান। এই দলের সমর্থক আর থাকব না। গড প্রমিস”।  

‘পাল্টিবাজরা’ দলে ফিরলে অন্য দলে যোগ দিয়ে ‘বেইমান’ হবেন বলেছিলেন, অর্জুনের ঘর ওয়াপসির পরই সুর পাল্টালেন দেবাংশু

শুধু তাই-ই নয়, একুশের বিধানসভা নির্বাচনের আগেও দেবাংশু বেশ জোর গলায় বলেছিলেন যে দলবদলুদের আর দলে ফেরানো হবে না। তিনি বলেছিলেন যে দরকার পড়লে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও দলবদলুদের মাঝে দরজা আগলে শুয়ে থাকবেন। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোতেই দেখা যায় অন্য ছবি। পুত্র-সহ তৃণমূলে ফেরেন মুকুল রায়।

আর এরপর একে একে রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত আর এবার অর্জুন সিং। সকলেই ফিরে গিয়েছে পুরনো দলে। কিন্তু দেবাংশুর কথার দাম দল দেয়নি। গতকাল, রবিবার অর্জুন সিং তৃণমূলে ফিরতেই দেবাংশুর সেই পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে ফের একবার হইচই শুরু হয়েছে। বিরোধী থেকে শুরু করে নানান নেটিজেনদের এখন একটাই প্রশ্ন, দেবাংশু তাহলে এখন কোন দলে যোগ দিচ্ছেন? তিনি আবার উলটে বিজেপিতে চলে যাবেন না তো? এমন নানান প্রশ্ন, রসিকতা হচ্ছে দেবাংশুর সেই পোস্টকে ঘিরে। নানানভাবে ট্রোল করা হচ্ছে তৃণমূল যুবনেতা।

আর এসবের মধ্যেই পুরো ১৮০ ডিগ্রি পাল্টি খেলেন দেবাংশু। অর্জুন সিং তৃণমূলে ফেরা নিয়ে তাঁর কী প্রতিক্রিয়া, তা জানার জন্য এক সংবাদমাধ্যমের তরফে তাঁকে যোগাযোগ করা হলে, অবলীলায় তিনি ভোল বদলে বলেন, “বিজেপিকে বাংলায় ভেঙে টুকরো টুকরো করার জন্য, যেটুকু আগাছা রয়েছে তা শেষ করার জন্য, যা করতে হয় করব। দলের শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসেবে সকলের তা মানা উচিত। এখানে আমার পছন্দ-অপছন্দটা গৌণ”।

দেবাংশুর এই মন্তব্য নিয়েও কম সমালোচনা হয়নি। বিজেপি থেকে শুরু করে নানান বিরোধী দল তো বটেই, এমনকি, নেটিজেনদের একাংশও তুমুল কটাক্ষ করেছেন এই তৃণমূল নেতাকে। ব্যাপক ট্রোল হচ্ছেন তিনি।

RELATED Articles