বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের সময়কাল ফুরিয়ে আসছে। এবার সময় এসেছে পদ্ম শিবিরের পরবর্তী সাংগঠনিক প্রধানকে বেছে নেওয়ার। আর সেই দায়িত্ব এসে পড়েছে খোদ বর্তমান রাজ্য সভাপতির কাছেই।
জানা গিয়েছে, ইতিমধ্যেই বেশ কয়েকটি নামের তালিকা বিজেপির সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডার কাছে পাঠিয়েছেন দিলীপবাবু। তাদের মধ্যে থেকেই যে কোনও একজনকে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে বেছে নেবে কেন্দ্রীয় নেতৃত্ব।
দিলীপ যখন বিজেপির রাজ্য সভাপতি হন, তখন বিজেপির বিধায়ক সংখ্যা ছিল মাত্র ৩ ও সাংসদ ছিল মাত্র ২ জন। সেখান থেকে দাঁড়িয়ে বর্তমানে এ রাজ্যে বিজেপির বিধায়ক রয়েছেন ৭৫ জন ও সাংসদ পদে রয়েছেন ১৮জন। সুতরাং, কেন্দ্রীয় নেতৃত্ব যে দিলীপের কাজ নিয়ে বেশ খুশিই ছিলেন, তা আর বলার অপেক্ষা রাখে না। এই কারণে লোকসভা নির্বাচনের আগে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সেই মেয়াদ বাড়ানো হয়। আর এর ফল মেলে একুশের বিধানসভায়।
নিজের নানান বিতর্কমূলক মন্তব্যের জন্য দিলীপ ঘোষ নানাসময় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেও তাঁর উপর আস্থা রেখেছিলেন মোদী-শাহ্রা। তবে, এবার রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নতুন মুখই দেখা যাবে বলেই শোনা যাচ্ছে। এই কারণে এই দায়িত্বও ছাড়া হয়েছে দিলীপ ঘোষের উপরেই। ইতিমধ্যেই ৪-৫ জনের নামও স্থির করে ফেলেছেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, এই বিষয় নিয়ে শুক্রবার জেপি নাড্ডা দিলীপ ঘোষের কাছ থেকে জানতে চান, তাঁর পরবর্তীর জন্য তাঁর পছন্দের তালিকায় কে কে রয়েছেন? সেই অনুযায়ী বেশ কিছু নাম প্রস্তাব করেন দিলীপবাবু। জানা গিয়েছে, এই তালিকায় নাম রয়েছে রায়গঞ্জের সাংসদ সুকান্ত মজুমদার, বালুরঘাটের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর।






