সাড়ে তিন মাস আগে গ্রেফতার হয়েছেন তিনি। এবার হল অ্যাকশন। অবশেষে মন্ত্রিত্ব হারালেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের বনমন্ত্রী ছিলেন তিনি। পাবলিক এন্টারপ্রাইজ ও শিল্প পুনর্গঠন বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি। গতকাল, শুক্রবার তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। কেন তাঁকে মন্ত্রীর পদে বহাল রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর তাঁকে সমর্থন করতেই দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে। তবে এবার সংবিধানের ১৬৬ (৩) অনুচ্ছেদ অনুযায়ী জ্যোতিপ্রিয়কে বন দফতর, পাবলিক এন্টারপ্রাইজ ও শিল্প পুনর্গঠন দফতরের মন্ত্রিত্ব পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরগুলি পুনঃবণ্টন করা হয়েছে পার্থ ভৌমিক ও বীরবাহা হাঁসদাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে দেওয়া হয়েছে বন দফতর (স্বাধীন দায়িত্ব), স্ব-সহায়ক গোষ্ঠী এবং স্ব-কর্মসংস্থান বিভাগ (স্বাধীন দায়িত্ব)-এর দায়িত্ব আর পার্থ ভৌমিককে দেওয়া হয়েছে সেচ ও জলপথ দফতর, পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব।
কী বলছে বিজেপি?
জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির সাড়ে তিনমাস পর তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরানোর ব্যাপারে আমরা আগেই দাবী তুলেছিলাম। আজ তাঁকে সরানো হয়েছে। কাল বক্তৃত্বা শুনব, এটা বিজেপির চক্রান্ত। বিজেপি রাজনীতিতে না পেরে ইডি, সিবিআই-কে ব্যবহার করছে। কাকে সরালেন আর কাকে সরালেন না, তা নিয়ে বাংলার মানুষ ভাবে না। বাংলার মানুষ জেনে গিয়েছে, যিনি জ্যোতিপ্রিয়, তিনিই শাহজাহান”।
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবররেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ২১ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। এরপর তাঁকে ভোররাতে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। সেই গ্রেফতারির সাড়ে তিনমাস পর এবার মন্ত্রিত্ব গেল জ্যোতিপ্রিয় মল্লিকের।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!