আমফানে বিধ্বস্ত বাংলার ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় দল।

ঘূর্ণিঝড় আমফানে হ‌ওয়া ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় দল। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যালোচনায় এদিন বৈঠকে বসেছে সঙ্কট মোকাবিলা কমিটি। এই নিয়ে ৫ দিনে ৪ দফা বৈঠক করল তাঁরা।

ঘূর্ণঝড় আমফান ঘটে যাওয়ার পর‌ই শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশপথে ঘুরে দেখেন আমফান বিধ্বস্ত বাংলার বিস্তীর্ণ এলাকা। এর পরই রাজ্যকে প্রাথমিক ক্ষতিপূরণ হিসাবে ১,০০০ কোটি টাকা ঘোষণা করেন তিনি। সঙ্গে জানান রাজ্য সরকার ক্ষয়ক্ষতির মূল্যায়ণ করে কেন্দ্রের কাছে পাঠালে মিলবে আরও সাহায্য।

এবার আমফানের ক্ষয়ক্ষতি পর্যালোচনায় কেন্দ্রীয় দল পাঠানোর ঘোষণা করল অমিত শাহর মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব সত্বর স্বরাষ্ট্র মন্ত্রকের একটি দল আমফানের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে পশ্চিমবঙ্গে যাবে। এখন এই সিদ্ধান্তে রাজ্য সরকারের কী প্রতিক্রিয়া সেটাই দেখার।‍‍‌‌‍‌‌

RELATED Articles

Leave a Comment