আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেডে আয়োজন হয়েছে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। এই আসরে গীতাপাঠের সঙ্গে সঙ্গে বাজবে ৫০ হাজার শঙ্খধ্বনিও। হাজার হাজার সাধুসন্তদের সমাবেশ ঘটবে ব্রিগেডে। এই আসরে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু জানা যাচ্ছে, সম্ভবত সেদিন এই আসরে তিনি উপস্থিত থাকতে পারবেন না।
বছর গড়ালেই লোকসভা নির্বাচন। এর আগে হিন্দু আবেগকে কাজে লাগিয়ে কলকাতায় লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করে বঙ্গ বিজেপি। যদিও বঙ্গ বিজেপি এই আসরের আয়োজক হিসেবে সরাসরি যুক্ত নয়। কিন্তু অখিল হিন্দু পরিষদ অর্থাৎ সেই আয়োজকদের নেপথ্যে যে বিজেপি রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
এই অনুষ্ঠান সফল করতে উদ্যত বঙ্গ বিজেপি। এই আসরে উপস্থিত থাকার কথা ছিল নরেন্দ্র মোদীর। মোদী ব্রিগেডে আসবেন, সেই প্রচার করে এই আসরে জমায়েতের চেষ্টায় গেরুয়া শিবির। আবার লোকসভা নির্বাচনের আগে মোদী কলকাতায় এলে তা বিজেপির সংগঠনের জন্য ভালো। কিন্তু এবার মোদীর ব্রিগেডে আসা নিয়ে তৈরি হল অনিশ্চয়তা।
আয়োজকরা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আসার জন্য প্রস্তুত ছিলেন। নিজের কন্ঠে গীতার একটি শ্লোকও পাঠ করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সরকারিভাবে ‘রাজনীতি-রহিত অনুষ্ঠান’ হলেও মূল মঞ্চেই দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীর ও দেশের শীর্ষস্থানীয় অন্য সাধু-সন্তদের পাশেই প্রধানমন্ত্রীর বসার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু এখন এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না খোদ মোদীই। যদিও প্রধানমন্ত্রীর দফতরের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি এখনও।
তবে মোদী যদি শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে যোগ না দেন, তাহলে তা আয়োজকদের জন্য তো বটেই, বঙ্গ বিজেপির জন্যও বেশ বড় ধাক্কা হবে। কারণ বঙ্গ বিজেপিও মোদীর মুখকে পাথেয় করেই লোকসভা নির্বাচনের আগে একটা প্রচার করতে চেয়েছিল। কিন্তু তা আর হচ্ছে না।





