আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। দিকে দিকে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন। পিছিয়ে নেই নানান রাজনৈতিক দলগুলিও। আজ, শনিবার লালবাজার অভিযান করে SFI-DYFI। মিথ্যে মামলায় বামেদের ফাঁসানোর অভিযোগ তোলা হয়েছে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় বামেদের এই মিছিল।
জানা গিয়েছে, আর জি করে যে হামলা হয়েছিল সেই ঘটনায় পুলিশ মিথ্যেভাবে ফাঁসিয়েছে বাম নেতানেত্রীদের। নোটিশ পাঠানো হয়েছে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ৭ ছাত্রনেতাকে। সেই ঘটনার প্রতিবাদেই এবার রাস্তায় নেমে মিছিল বামেদের। লালবাজার অভিযানের ডাক দিয়েছে তারা।
আজ, শনিবার কলেজ স্ট্রীট থেকে শুরু হয় এই মিছিল। তবে দেখা যায় বি বি গাঙ্গুলি স্ট্রীটে ব্যারিকেড দিয়ে আটকে রাখে পুলিশ। গোটা মিছিলকে লালবাজার যেতে বাধা দেওয়া হয়। এদিন বাম নেতানেত্রী ছাড়াও এই মিছিলে ছিলেন নানান আইনজীবীরা। তুমুল বৃষ্টির মধ্যেই চলতে থাকে বামেদের মিছিল।
রাত দখলের কর্মসূচির রাতে তাণ্ডব চলে আর জি করে। সেই ঘটনায় কাঠগড়ায় তোলা হয় বামেদের। মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ৭ বাম ছাত্রনেতাকে নোটিশ পাঠায় পুলিশ। সেই ঘটনার প্রতিবাদেই এই মিছিল। তবে এই মিছিলকে আটকাল পুলিশ।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ব্যারিকেড পেরিয়ে লালবাজারের দিকে রওনা দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ৭ বামনেতা। যাদের নোটিশ পাঠানো হয়েছিল, তারাই আপাতত লালবাজারে ঢুকেছেন বলে খবর। আর বাকি মিছিল অপেক্ষা করছে ব্যারিকেডের উল্টো দিকে। পুলিশি ঘেরাটোপের মধ্যেই রয়েছে মিছিল। কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।






