‘আজ শোভনকে খুব মিস করছি’, তিক্ততার মাঝেও কী তবে এখনও প্রেম উঁকি দিচ্ছে রত্নার মনে?

সম্পর্কে তিক্ততা খুবই। সম্পর্কটা আজ আর প্রায় নেই বললেই চলে। কিন্তু তবুও কোথাও গিয়ে যেন এখনও বিধায়ক তথা কাউন্সিলরের মনে উঁকি দেন তাঁর স্বামী শোভন চট্টোপাধ্যায়। তাই তো এখনও তাঁকে মিস করেন তিনি। আর একথা সর্বসমক্ষে জানাতেও দ্বিধাবোধ করলেন না রত্না চট্টোপাধ্যায়।

আজ, সোমবার জয়ী কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায় কলকাতা পুরসভায় যান। সেখানে ঢোকার সময় তিনি জানান যে পুরসভায় প্রবেশ করতে গিয়ে তিনি শোভন চট্টোপাধ্যায়কে খুব মিস করছেন। তাঁর এমন মন্তব্য জন্ম দিয়েছে জোর চর্চার।

কলকাতা পুরসভা নির্বাচনের আগে শোভন চট্টোপাধ্যায় রত্নাকে খোঁচা দিয়ে বলেছিলেন যে “যিনি ১৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আমার নাম করে ভোট চাইছেন”। এদিকে নির্বাচনে জয়ের পর তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় রত্নাকে অভিনন্দন না জানিয়ে তাঁকে পর্ণশ্রীর বাড়ি ছাড়তে বলেছিলেন।

এতকিছুর পরও রত্না মিস করছেন শোভনকে। তবে মুখে একথা বললেও, পিছন ফিরে আর তাকাতে চান না রত্না, একথাও নিজেই জানান। এখন সামনের দিকে এগিয়ে যেতে চান, কাজ করতে চান রত্না চট্টোপাধ্যায়।

আজ, সোমবার কলকাতা পুরসভায় এসেছিলেন রত্না চট্টোপাধ্যায়। সেখানেই ঢোকার মুখেই তিনি বলেন, “‌আজ এখানে ঢুকতে গিয়ে শোভনকে মিস করছি। তবে পিছন ফিরে তাকাতে চাই না। সামনের দিকে এগোতে চাই। সামনের দিকে তাকাতে চাই। মানুষের জন্য কাজ করতে চাই”। এখন তিনি বিধায়ক এবং কাউন্সিলর। মানুষের রায়ে শোভনের জায়গা এখন তিনিই দখল করেছেন।

নারদকাণ্ডে শোভন চট্টোপাধ্যায়কে যখন সিবিআই গ্রেফতার করে, সেই সময় নিজাম প্যালেসে যিনি ছুটে গিয়েছিলেন, তিনি ছিলেন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। আর আজ কলকাতা পুরসভায় যখন তিনি ঢুকলেন, তখন তিনি কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায়।

তবে তিনি যে শোভন চট্টোপাধ্যায়কে মিস করছেন, এমন কথা বলায় বেশ চর্চা শুরু হয়েছে। শোভন এই সম্পর্ক ভুলেই গিয়েছেন বলা যায়। কিন্তু রত্না তা এখনও পারছেন না। এই কারণেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, তিনি এখনও শোভনকে মিস করছেন।

আরও অন্যান্য খবর