রবিবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা বুন্দাপানি চা বাগানের শ্রমিকদের চাল, ডাল আলু ও অন্যান্য খাদ্য সামগ্রী দিতে গিয়ে বাধার মুখে পরেন। পুলিশ তাঁকে ঢুকতে বাধা দেয় কারণ তাঁর কাছে ওই বন্ধ চা বাগানে ঢোকার অনুমতি পত্র ছিলনা বলে দাবি পুলিশ প্রশাসনের।
বিরক্ত সাংসদ-এর সঙ্গে পুলিশ অফিসারদের কথা কাটাকাটিও হয়। এরপর তাঁকে ঘরে ফেরত পাঠানো হয় পুলিশের তরফে। সেই সঙ্গে পুলিশ ও মাদারিহাট ব্লক উন্নয়ন কর্মকর্তা তাঁকে পুনরায় বুন্দাপাণি চা বাগানে খাদ্যসামগ্রী বিতরণের আশ্বাস দেন।
বুন্দপাণি এস্টেটটি ভারত-ভুটান সীমান্তের নিকটবর্তী এবং মাদারিহাট ব্লকে অবস্থিত। জলপাইগুড়ির বানারহাটের কাছে অবস্থিত লক্ষীপাড়া চা বাগানে তাঁর নিজের বাড়ি থেকে এদিন যাত্রা শুরু করেন বার্লা। এরপর এনএইচ৩১সিতে পুলিশ তাঁর গাড়ি থামিয়ে দেয়।
বিরক্ত এমপি বলেন ‘বেকার শ্রমিক এবং তাঁদের পরিবার রাজ্য সরকারের কাছ থেকে যথেষ্ট খাদ্যশস্য পাচ্ছে না। এ কারণেই আমি তাঁদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পুলিশ আমাকে বাধা দিয়েছে’। বার্লার আরও অভিযোগ, ‘লকডাউনে কী সাবধানতা অবলম্বন করা উচিত সে সম্পর্কে আমি ভালোভাবে অবগত। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে এবং সংকটের এই মুহূর্তে একজন সাংসদকে মানুষের জন্য কাজ করতে দিচ্ছে না’।
বার্লা পুলিশকে বারবারই বলতে থাকেন যে তিনি একজন এমপি। লকডাউনেও তিনি তাঁর এলাকার যে কোনও জায়গায় যেতে পারেন। তবে পুলিশ তার সঙ্গে অনুমতি পত্র না থাকায় তাঁকে ভিতরে ঢুকতে দেয়নি। তাঁকে দেখে লোকজনের ভিড় হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করে পুলিশ।





