ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বহুদিন ধরেই ভুয়ো ভোট বা নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এবার সেই সমস্যার সমাধানে এক নতুন প্রস্তাব সামনে এসেছে, যা কার্যকর হলে ভোট দেওয়ার পদ্ধতিতেই বড় পরিবর্তন আসতে পারে। এই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা গেল দেশের সর্বোচ্চ আদালতে।
এই প্রস্তাবটি সামনে আনেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তাঁর দাবি, ভুয়ো ভোট রুখতে বুথে ভোট দেওয়ার আগে আঙুলের ছাপ ও চোখের মণির বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা উচিত। এই নিয়ে তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেন সুপ্রিম কোর্ট-এ।আবেদনে বলা হয়েছে, আধার কার্ডের তথ্যকে ভোটার তালিকার সঙ্গে যুক্ত করে প্রতিটি ভোটারের পরিচয় নিশ্চিত করা সম্ভব। এতে করে ভোট প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলেই মত আবেদনকারীর।
এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ কমিশন এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য জানতে নোটিশ জারি করেছে। আদালত জানিয়েছে, চলতি নির্বাচনে এই নিয়ম কার্যকর করা সম্ভব না হলেও ভবিষ্যতে এটি চালু করা যায় কি না, তা খতিয়ে দেখতে হবে।একইসঙ্গে নির্বাচন কমিশনকে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট করে জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
তবে আদালত এটাও পরিষ্কার করে দিয়েছে, এই ধরনের ব্যবস্থা চালু করতে গেলে শুধু সিদ্ধান্ত নিলেই হবে না। বিদ্যমান নির্বাচনী আইনে পরিবর্তন আনতে হবে। পাশাপাশি, এই পরিকাঠামো তৈরি করতে বিপুল খরচের প্রয়োজন হবে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী, এটি শুধুমাত্র ক্ষমতার প্রশ্ন নয়, বরং পুরো নির্বাচনী ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের বিষয়। তাই বিষয়টি নিয়ে সব দিক খতিয়ে দেখা জরুরি।
আরও পড়ুনঃ “বাংলা দখল করতে চাইছে ওরা” বিজেপিকে সরাসরি আক্র*মণ মমতার, সঙ্গে ২২৬ আসনের টার্গেট! এই দাবি কি বাস্তব, নাকি ভোটের আগে বড় রাজনৈতিক বার্তা?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে ভারতের নির্বাচনী ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। এতে স্বচ্ছতা বাড়তে পারে, ভুয়ো ভোট অনেকটাই কমানো সম্ভব হবে। তবে বাস্তবে এটি কার্যকর করতে গেলে প্রযুক্তিগত, আইনি এবং আর্থিক, তিন দিকেই বড় প্রস্তুতির প্রয়োজন। এখন দেখার, আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতে ভোট প্রক্রিয়ায় আদৌ এই পরিবর্তন আসে কি না।






