উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিকের মধ্যে বাকযুদ্ধ চলতেই থাকে। মাঝেমধ্যেই নানান বেফাঁস মন্তব্য করে ফেলে বিতর্কে জড়ান উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন যা নিয়ে বেশ হইচই পড়েছে।
গাঁ’জা পাচারকারীর সঙ্গে ছবি রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। এমনই ছবি পোস্ট করে উদয়ন লিখলেন, “স্যার মন খারাপ করবেন না। ব্যবসায় লাভ ক্ষতি আছে। একবার ধরা পড়েছে গাঁজা। বারবার পড়বে না”। এর জেরে বেশ বিপাকে পড়েছেন মোদীর মন্ত্রী। যদিও বিজেপি নেতৃত্ব এই ঘটনার কোনও দায় নিতে নারাজ।
জানা গিয়েছে, ছবিতে থাকা অভিযুক্ত ওই ব্যক্তির নাম সমীর দাস। গত মঙ্গলবার দুপুরে কফিনে গাঁ’জা ভরে অ্যাম্বুলেন্সে করে পাচার করতে গিয়ে ধরা পড়েছিল ওই ব্যক্তি। অ্যাম্বুলেন্স থেকে প্রায় ৬৪ কেজি গাঁ’জা উদ্ধার হয়েছে। পুলিশ গোটাটাই বাজেয়াপ্ত করেছে। এর পাশাপাশি এক মহিলা-সহ মোট চারজন পাচারকারীকে গ্রেফতারও করেছে পুলিশ।
জানা গিয়েছে, ধৃতরা সকলেই দিনহাটার বাসিন্দা। ধৃতদের নাম সমীর দাস, অপূর্ব দে, পাপ্পু মোদক ও সরস্বতী দাস। এদের মধ্যে সমীর দাস ওই অ্যাম্বুলেন্সের মালিক ও চালক। অপূর্ব দে দিনহাটায় গৃহশিক্ষকের কাজ করে বলে খবর। অ্যাম্বুলেন্স থেকে ১৮টি প্যাকেটে ভরা গাঁ’জা উদ্ধার হয় যার ওজন প্রায় ৬৪ কেজি। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার সঙ্গে বিজেপির সরাসরি যোগ রয়েছে।
এই ছবি সামনে এনে উদয়ন গুহ বলেন, “গাঁ’জা পাচারের ঘটনায় যে চারজন ধরা পড়েছে, তারা বিজেপি আশ্রিত, এমনকী নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠও। আমি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে তা প্রমাণ করে দিয়েছি”।
যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়ের কথায়, “অভিযুক্তরা আমাদের দলের কেউ নয়। কোন মন্ত্রী বা কোন নেতা কোথায় কী করছেন, তা দলের বিষয় নয়”।





