দুঃসংবাদ শীতবিলাসীদের জন্য! বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত, চলতি মাসেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা, ছুঁতে পারে ৩৪ ডিগ্রির কাঁটা

শেষ হতে চলেছে শীতের ইনিংস। এবার শীতের বিদায়বেলা উপস্থিত। গত বৃহস্পতিবার ও শুক্রবার আকাশে মেঘ দেখা দিয়েছিল ঠিকই। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টিও হয়েছিল। তবে শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।   

আজ, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫২ থেকে ৯৩ শতাংশের আশপাশে।

এবার চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা

হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত বঙ্গোপসাগরে কোনও উচ্চ বলয় নেই। আগামী চার-পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গ মোটামুটি শুষ্কই থাকবে। শনি ও রবিবার তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে সোমবার থেকেই বাড়বে তাপমাত্রার পারদ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। আর পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা পৌঁছতে পারে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। আবার ২৩ ফেব্রুয়ারির পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

অন্যদিকে আবার, উত্তরবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তন ঘটতে পারে ২০ ফেব্রুয়ারির পর থেকে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে সেখানে। হ্বা অফিস জানাচ্ছে, দার্জিলিং বাদে আগামী দু’দিন গোটা রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার ও মঙ্গলবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles