এক যুদ্ধ শেষ, এবার আর এক যুদ্ধ শুরু। আইপিএল এর ধুমধারাক্কা ক্রিকেট শেষে এবার জাতীয় দায়িত্ব পালনে মরিয়া টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু অস্ট্রেলিয়া সিরিজ। আর সেই কারণে দুবাই থেকে সরাসরি বিমানে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিল টিম ইন্ডিয়া।
গতকাল বিসিসিআই এর তরফ থেকে একাধিক ছবি প্রকাশিত হয়েছে, যেখানে পিপিই কিট পড়ে ক্রিকেটাররা বিমানবন্দরে উপস্থিত হয়েছেন এবং বিমানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। দুবাইয়ের জৈব সুরক্ষা বলয় থেকে এবার অস্ট্রেলিয়ার জৈব সুরক্ষা বলয়ে পৌঁছবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে তারা।
এদিকে সামান্য চোট থাকায় অস্ট্রেলিয়াগামী বিমানে উঠতে পারেননি ভারতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মা। আইপিএল জয়ী এই অধিনায়ক রিহ্যাবের জন্য ভারতে ফিরে গিয়েছেন। সেখানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর আসন্ন টেস্ট সিরিজের জন্য রওনা দেবেন রোহিত।





