রাজনীতির রঙ নিয়ে তাঁকে নানানভাবে কটাক্ষ করা হলেও তিনি কিন্তু সেসবে বিশেষ আমল দেন না। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটেই লড়েছিলেন তিনি। যদিও জয়লাভ করেন তবে বঙ্গ রাজনীতিতে তাঁকে নিয়ে চর্চা কিন্তু বন্ধ হয়নি। এবার ফের চর্চায় রুদ্রনীল ঘোষ। সূত্রের খবর, এবার লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন রুদ্রনীল।
কী বলেছেন তারকা নেতা?
এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপির প্রার্থী হওয়া প্রসঙ্গে রুদ্রনীল বলেন, “বিজেপি যেহেতু সর্বভারতীয় দল, আর এই সিদ্ধান্ত একদম চূড়ান্ত হয়, অনেকগুলো মিটিংয়ের পরে। ফলত, এই যে তেইশটা নাম পড়ে আছে, সেখানে কারা কারা প্রার্থী হচ্ছেন, বা কোথা থেকে প্রার্থী হচ্ছেন, সেই সম্পর্কে জানা কিন্তু কষ্টকর শুধু নয়, অসাধ্যও বটে”!
বিজেপি নেতার কথায়, “মানুষের ভালোবাসা, চাহিদা, ইচ্ছে, কর্মীদের দাবি, সেটা অন্য বিষয়। সেরকম জায়গা থেকে সত্যি বলছি আমি জানি না প্রার্থী হওয়ার বিষয়ে। আমাদের রাজ্যস্তরের যে নেতারা রয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনা করেও প্রার্থী ঠিক হয়। অন্তর্দলীয় সিদ্ধান্তও ম্যাটার করে। আমরা তো অর্জুন সিং সম্পর্কেও জল্পনা শুনছি যে, প্রার্থী তালিকায় ওঁরও নাম রয়েছে। আজকে সন্ধেবেলার মধ্যেই সব ধোঁয়াশা পরিষ্কার হবে। তবে কানাঘুষো শুনেছি ঠিকই”।
অর্থাৎ লোকসভা নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার জল্পনাটা জিইয়েই রাখলেন তারকা নেতা। তবে তাঁর সংযোজন, “টিকিট পাই বা না পাই, প্রচারের ময়দানে অবশ্যই থাকব”।
বলে রাখি, বঙ্গ বিজেপির সংস্কৃতির সেলের দায়িত্বে রয়েছেন রুদ্রনীল ঘোষ। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের নানান দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি। কয়লা হোক বা শিক্ষা নানান দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রুদ্রনীল। এবার তিনি লোকসভা নির্বাচনেও প্রার্থী হতে পারেন বলে জানা যাচ্ছে।





