করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই না খেতে পেয়ে ঝাড়খণ্ডে এক শারীরিক অক্ষম মহিলার মৃত্যু হল। ঘটনার তদন্তের দাবী জানিয়েছে জাতীয় মহিলা কমিশন।
ঝাড়খন্ডের এক সংগঠন প্রথম ট্যুইট করে জানায়, বোকারোর গোমিয়া টিকাহারায় মিনা মারান্ডির পরিবার দুদিন ধরে অনাহারে রয়েছে। ওদের রেশন কার্ড নেই, খাবারও নেই। শারীরিক অক্ষম মেয়েটি অসুস্থ। চিকিৎসার প্রয়োজন।
এরপরে মিনা নামে প্রতিবন্ধী মেয়েটি মারা গিয়েছে বলে ট্যুইট করে জানিয়ে ওই সংগঠনটি লেখে, গত কয়েকদিন ধরে শরীর ভাল যাচ্ছিল না ওর। হতদরিদ্র ঘরের মেয়ে, রেশন কার্ড নেই। গত কয়েকদিনে ক্ষুধার যন্ত্রণা তীব্র হয়ে ওঠে। ওই সংগঠনের দাবী , সবার জন্য গণবন্টনের সুবিধা বন্টিত হোক।
অধ্যদিকে মিনার ক্ষুধার জ্বালায় মারা যাওয়ার খবর পেয়ে নড়েচড়ে বসে রাজ্যের মুখ্যসচিব সুখদেব সিংহকে তদন্ত চেয়ে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। অনাহারে মৃত্যুর খবরের পরিপ্রেক্ষিতে মহিলা কমিশন ট্যুইট করেছে, এটা দুর্ভাগ্যজনক ব্য়াপার। আরও তদন্ত চেয়ে মুখ্যসচিবকে চিঠি লিখেছি আমরা।





