ক্রমশই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে করোনাভাইরাস আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের। বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিট জানিয়েছে বরিসকে আইসিইউ-র বাইরে আনা হয়েছে।
তবে এখনই হাসপাতালেই থেকে ছাড়া পাচ্ছেননা তিনি। গত ২৭ মার্চ করোনাভাইরাস টেস্ট রিপোর্ট পজিটিভ আসে জনসনের।
২৭ মার্চ করোনা টেস্ট পজিটিভ হওয়ার পর জনসন নিজেকে বাড়িতে আইসোলেট করেছিলেন। এর ১০ দিন পর শারীরিক অবস্থার অবনতির জন্য ৫৫ বছরের জনসনকে গত সোমবার লন্ডনের সেন্ট টমাস হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। আইসিইউ-তে স্ট্যান্ডার্ড অক্সিজেন ট্রিটমেন্ট করা হয়। তবে তাঁর নিউমোনিয়া ধরা পড়েনি বা শ্বাসপ্রশ্বাসের জন্য ভেন্টিলেটরেরও প্রয়োজন হয়নি।
বৃহস্পতিবার ব্রিটেনের সংস্কৃতি সচিব অলিভার ডাউডেন বলেছেন, প্রধানমন্ত্রী স্থিতিশীল, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তিনি উঠে বসেছেন এবং চিকিৎসাকর্মীদের সঙ্গে কথাবার্তাও বলছেন।
জনসনের কাজকর্মের দায়িত্ব এখন পালন করছেন ব্রিটেনের বিদেশ সচিব ডোমিনিক রাব। তিনি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেন, প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।
উল্লেখ্য, ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যর সংখ্যা ৭,৯৭৮। সুস্থ হয়েছে ১৩৫ জন।





