চিকিৎসকদের বদলির নির্দেশ প্রত্যাহার রাজ্য সরকারের, মমতার নির্দেশেই এমন সিদ্ধান্ত, প্রতিবাদের আগুনে ভয় পেয়ে চাপের মুখেই সিদ্ধান্ত বদল?

চাপের মুখে পড়েই কী সিদ্ধান্ত বদল? উঠছে প্রশ্ন। ৪২ জন চিকিৎসকদের বদলি প্রত্যাহারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, ১৬ আগস্ট রাত থেকেই চিকিৎসকদের বদলি নিয়ে উঠেছিল প্রশ্ন। তীব্র প্রতিবাদ জানানো হয় এই ঘটনার। এবার এই নির্দেশ প্রত্যাহার করা হল স্বাস্থ্য ভবনের তরফে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

আজ, ১৭ আগস্ট গোটা দেশে কার্যত বন্ধ চিকিৎসা পরিষেবা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে আজ ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। মিলবে না পরিষেবা। গোটা দেশ যখন এই ঘটনার প্রতিবাদ করছে, সেই সময় দাঁড়িয়ে ৪২ জন চিকিৎসককে বদলির নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার।

রাজ্যের ৪২ জন চিকিৎসককে অন্য নানান হাসপাতালে বদলি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে। কলকাতার চিকিৎসকদের নানান জেলায় বদলি করা হয়েছিল। এই ৪২ জন চিকিৎসকের মধ্যে ছিলেন আর জি করের ২ জন চিকিৎসক। বাকি চিকিৎসকরাও তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় সরব হয়েছিলেন। সেই কারণেই কী এই বদলি? এমন প্রশ্নও তোলা হয়েছিল।

যদিও স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছিল, এটা রুটিন বদলি। এর সঙ্গে আর জি করের ঘটনার কোনও যোগ নেই। তবে এই বদলির নির্দেশ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। এবার সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান,বদলি বাতিল করা হয়েছে। তাঁর কথায়, দু’মাস আগেই এই বদলি প্রক্রিয়া শুরু হয়েছিল। তিনি এও জানান, এই মুহূর্তে পরিষেবার প্রয়োজন, সেই কারণেই বাতিল বদলি।  

স্বাস্থ্যসচিবের কথায়, “বিভিন্ন সংবাদমাধ্যমে দেখলাম ৪২ জনের বদলি নিয়ে একটা খবর চলবে। আমি একটা বিষয়ই বলতে চাই, এই বদলি প্রক্রিয়া রুটিন বদলি। ৯ তারিখ যে ঘটনা তার অনেক আগে, প্রায় ২ মাস আগে থেকেই এই প্রক্রিয়া চলে। বদলির কাগজে সইও হয়েছে আগেই। তবে চেকিংয়ের জন্য কিছুটা সময় লাগায় হয়ত এতটা ইস্যু হল। এই অর্ডার আমরা বাতিল করছি। কারণ, আমাদের এখন পরিষেবা দরকার। এখানে কোনও বিতর্ক নেই”।

শুধুমাত্র চিকিৎসকই নয়, জানা গিয়েছিল, ১৯০ জন মহিলা স্বাস্থ্য কর্মীকেও বদলি করা হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফে। তবে এদিন চিকিৎসকদের বদলি বাতিলের নির্দেশের সঙ্গে মহিলা স্বাস্থ্য কর্মীদের বদলির নির্দেশও বাতিল করা হয়েছে বলে খবর। বদলির নির্দেশে যেভাবে রাজ্যজুড়ে প্রতিবাদ গড়ে উঠেছিল, সেই প্রতিবাদের জেরেই কী ভয় পেল স্বাস্থ্য ভবন, উঠছে প্রশ্ন!

আরও অন্যান্য খবর