‘পোশাক বদলানো থেকে রক্তমাখা বেসিন বদলানো, এক জায়গায় খুন করে সেমিনার হলে দেহ’, আর জি করের ঘটনায় বিস্ফোরক তথ্য দিলেন শুভেন্দু

আর জি কর কাণ্ড নিয়ে সরব গোটা রাজ্য-সহ দেশ। এই ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। নানান জায়গায় চলছে আন্দোলন, মিছিল। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার আর জি করের ঘটনা নিয়ে নানান বিস্ফোরক তথ্য দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী বেশ কিছু তথ্য দেন যা তাঁর মতে সিবিআইয়ের তদন্তে কাজে লাগবে। এই পোস্টটি করে সিবিআইকে ট্যাগও করেছেন তিনি। শুভেন্দুর কথায়, তিনি বেশ কিছু বিশ্বস্ত সূত্র থেকে আর জি করের ঘটনা সম্পর্কে কিছু তথ্য পেয়েছেন। সেই তথ্যই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তিনি।

শুভেন্দুর কথায়, “আর জি করের তদন্তের নামে তরুণী চিকিৎসকের ভিসেরা পরিবর্তন করেছিল পুলিশ। এই ঘটনায় একজন নয়, একাধিকের যুক্ত থাকার প্রমাণ রয়েছে। রক্ত লেগে থাকা নানান জিনিসপত্র পরিবর্তন করা হয়েছে। এই কাজ করেছে পুলিশ। যে জিনিসগুলি এখন রয়েছে, তা আসল নয় আর এর ফলে ডিএনএ রিপোর্টে আসল সত্যি ধরাই পড়বে না”।

শুভেন্দুর কথায়, “যে বেসিনে রক্ত ধোয়া হয়েছিল, এই বেসিনও পাল্টে দেওয়া হয়েছে। তরুণী চিকিৎসককে খুন করা হয়েছে অন্য জায়গায়, তারপর তাঁর মৃতদেহ সেমিনার হলে এনে রাখা হয়”। শুভেন্দুর কথায়, এই তথ্যগুলি সিবিআইয়ের তদন্তে নিশ্চয় সহায়তা করবে।

বলে রাখি, পুলিশ কমিশনার বিনীত গোয়েল গতকাল, শুক্রবারই একটি সাংবাদিক বৈঠক করে দাবী করেছিলেন যে তাদের তরফে নাকি প্রথমে এই ঘটনাকে আত্মহত্যা বলা হয়নি। তিনি এও জানান, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে। এই ঘটনার সমস্ত তথ্য সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ, এমনটাই দাবী পুলিশ কমিশনারের। তবে এবার যে তথ্য শুভেন্দু দিলেন, তাতে যে তদন্তের মোড় ঘুরতে পারে, তা বলাই বাহুল্য!  

RELATED Articles