তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কোটি কোটি টাকার তোলাবাজি। অবশেষে পুলিশের জালে গ্রেফতার তৃণমূল যুব নেতা। কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা হত বলে অভিযোগ। নিউটাউন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম কৌশিক সরকার। আদতে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এই তৃণমূল নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেড ব্যবহার করে টাকা তুলতেন তিনি, এমনটাই খবর। তিনি দাবী করতেন, তাঁর সঙ্গে রাজ্য এমনকি কেন্দ্রীয় সরকারেরও যোগাযোগ রয়েছে।
এই ব্যক্তির হাবভাব, চালচলন এমনই যে সকলেই মনে করতেন তিনি সত্যিই হয়ত বেশ প্রভাবশালী। অভিষেকের লেটার হেড ব্যবহার করার ফলে কেউ সন্দেহও করতেন না তাঁকে। নিউ টাউন এলাকায় তিনি তৃণমূল নেতা বলেই পরিচিত। এর আগেও তাঁর বিরুদ্ধে নানান অভিযোগ এসেছে বলে খবর। এবার অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন এই তৃণমূল নেতা।
জানা গিয়েছে, সম্প্রতি শেক্সপীয়র সরণি থানায় এক ব্যক্তি অভিযোগ জানান, কৌশিক সরকার নামে এক ব্যক্তি তাঁর একটি কাজ করে দেওয়ার কথা বলে তাঁর থেকে টাকা নিয়েছেন। এমনকি অভিষেকের সঙ্গে দেখা করানোর নাম করে তাঁকে ক্যামাক স্ট্রীটে অফিসের সামনেও ডাকেন তিনি। তবে ‘অভিষেক নেই’, এই বলে আর দেখা করান নি। এরপর দু’দফায় বেশ কিছু টাকা নেন ওই ব্যক্তি, এমনটাই জানান ওই ব্যবসায়ী।
আরও পড়ুনঃ তিনবার ফোন, প্রথমে অসুস্থ তারপর বলা হয় আত্মহত্যা! নির্যাতিতার মা-বাবাকে ফোন করা সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে জেরা সিবিআইয়ের, মিলল বিস্ফোরক তথ্য!
এরপরই পুলিশ তদন্ত শুরু করে ওই তৃণমূল নেতার। দেখা যায় চার কোটি টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপরই গতকাল, বৃহস্পতিবার রাতে চিনার পার্ক এলাকা থেকে কৌশিক সরকারকে গ্রেফতার করে পুলিশ। এলাকাবাসীর দাবী, অনেক মানুষের থেকেই নানান সময় এভাবে টাকা তুলেছেন তিনি। এবার অবশেষে পুলিশের জালে তৃণমূল নেতা।






