‘চটিপিসি, শকুনপিসি, কালীঘাটের ময়না বলা লোকগুলো কোথায়…’, বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, মমতাকে ‘অসাধারণ মহিলা’ বলে ভূয়সী প্রশংসা কবীর সুমনের

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, তা আর আলাদা করে বলার কোনও প্রয়োজন নেই। তাঁর মমতা প্রীতি সম্পর্কে সকলেই অবহিত। সেই কারণে ’চটিচাটা’ বলে কম কটাক্ষ হজম করতে হয় না তাঁকে। তবে সেসবে তিনি তেমন আমল দেন না কখনই। বরং বারবার মুখ্যমন্ত্রীর হয়েই গলা চড়ান বিশিষ্ট সঙ্গীতশিল্পী কবীর সুমন।

এবার ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে লম্বা পোস্ট করলেন কবীর সুমন। গতকাল, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “কদিন আগেও যারা সদলে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছিল, চটিপিসি, শকুনপিসি, চটিবুড়ি, কালীঘাটের ময়না বলে অনর্গল চ্যাঁচাচ্ছিল, এই মুহূর্তে তারা কোথায়। এই রাজ্যের কোন বন্যাদুর্গত এলাকায় গিয়ে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। মার্ক্সিস্ট আর হিন্দুত্ববাদীদের চটিপিসি কিন্তু চটি খুলে খালি পায়ে এক হাঁটু বন্যার পানিতে গ্রামে গ্রামে দেখে বেড়াচ্ছেন ক্ষতির বহর। সতর্ক করে দিচ্ছেন গ্রামবাসীদের- জল আরও বাড়তে পারে”।

তিনি আরও লেখেন, “এই শহরের স্মার্ট ইংরেজি বলা প্রসাধন-ঘষা পপুলার ব্যক্তিত্বরা কোথায় গেল। কোথায় গেল বিদ্রোহীরা। বন্যাদুর্গত এলাকায় এলাকায় তারা কেউ নেই কেন। আমার বন্ধুস্থানীয় দু একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে ফেসবুকে লিখতে দেখেছি- মমতা রাক্ষুসী। এরা নিজেদের পরিচয় দেয় মার্ক্সবাদী বলে, CPIM সমর্থক বলে। গা ঘিন ঘিন করে। শ্রীমতি মমতা দেখিয়ে দিচ্ছেন তিনি কে ও কী”।

এখানেই শেষ নয়, মমতাকে ‘জনতার বন্ধু’ আখ্যা দেন কবীর সুমন। তাঁর কথায়, মমতা একজন ‘অসাধারণ বাঙালি মহিলা’। এই প্রেক্ষিতে মহাশ্বেতা দেবীর প্রসঙ্গও টানেন সঙ্গীতশিল্পী। বলেন, “বামফ্রন্টবিরোধী গণ আন্দোলনের নেতা মহাশ্বেতা দেবী আমায় সেই সময়ে বলেছিলেন – ‘কবীর রে, মমতার বুকে মাথা রেখে কাঁদা যায়”।

শুক্রবার ফের একবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করেন কবীর সুমন। সোশ্যাল মিডিয়ায় লেখেন, “শুনলাম, লড়াকু জুনিয়র ডাক্তাররা বলেছেন তাঁরা বন্যাপ্লাবিত এলাকায় গিয়ে অভয়া ক্লিনিক চালাবেন। অতি সাধু সংকল্প। আমার শুধু জানার ইচ্ছে সরকারি হাসপাতালে যেমন বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়ে থাকে (শুনেছি) বন্যাক্রান্ত এলাকাতেও কি তেমনি দেওয়া হবে? হলে দারুণ হবে”।

আরও পড়ুনঃ ‘ছিঃ! আপনি তো…’, আর জি কর কাণ্ডে টলি শিল্পীদের আন্দোলন নিয়ে কুরুচিকর মন্তব্য, তৃণমূল সাংসদকে তুলোধনা অভিনেত্রী তুলিকা বসুর, কে সেই নেতা?

তাঁর সংযোজন, “আজ শুনেছিলাম কলকাতায় মশাল মিছিল বেরোবে। বিশাল, শুনেছিলাম। কিন্তু সন্ধের আগেই যদি সংগ্রামী জুনিয়ররা তাঁদের এতদিনের অবস্থান থেকে মিছিল করে চলে যান (প্লিজ মারবেন না আমায় – নেহাতই শুনেছি) তাহলে মশালগুলো জ্বলবে কখন? দিনের আলোয় নিশ্চই নয়”?

আরও অন্যান্য খবর