মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর! স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যেতে চলেছে জিএসটি, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

মধ্যবিত্তদের জন্য এবার এল এক বড় সুখবর। প্রবীণদের জন্য স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ও জীবন বিমার টার্ম পলিসি থেকে উঠে যাওয়ার পথে জিএসটি। আজ, শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মন্ত্রকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

এর আগে প্রবীণদের স্বাস্থ্য বিমা ও জীবন বিমার পলিসিতে জিএসটি তুলে নেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি বসে। চলতি বছরের আগস্ট মাসে জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে প্রত্যাহারের দাবী  তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি  দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ হুঙ্কারের সুরেই জানিয়েছিলেন, জিএসটি যদি প্রত্যাহার না হয়, তাহলে তিনি রাজপথে নামবেন।

এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে মমতা লিখেছিলেন, “এই জায়গায় জিএসটি নেতিবাচক। যেহেতু মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে অনভিপ্রেত প্রভাব পড়ছে”। হুঁশিয়ারি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী জানান, “কেন্দ্রীয় সরকার যদি এই জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করে, তা হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব”।

এবার জীবন ও স্বাস্থ্য ও বিমায় পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি তুলে দেওয়ার পথে আরও এক ধাপ এগোল কেন্দ্র। সূত্রের খবর, আজ, শনিবার এই বিষয়ে মন্ত্রিমণ্ডলী বা গ্রুপ অফ মিনিস্টার্স (জিওএম)-এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সোমবার কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ ‘৩-৪ মাস সময় দিন, কিন্তু স্বাস্থ্যসচিবকে সরানো যাবে না’, বিকেল ৫টায় আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক মমতার, ফোনে দিলেন বার্তা

এর আগে জীবন বিমা ও স্বাস্থ্য বিমা থেকে জিএসটি প্রত্যাহারের জন্য নির্মলা সীতারমণকে চিঠি দিয়েছিলেন তাঁর সতীর্থ কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়িও। তৃণমূলের তরফে রাজ্যসভার অধিবেশনে সেই দাবীকে সমর্থন জানানো হয়েছিল। এবার সেই বিষয়েই বৈঠক হয় কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠীর মধ্যে। জানা গিয়েছে, স্বাস্থ্য বিমা ও জীবন বিমার ক্ষেত্রে ৫ লক্ষ পর্যন্ত জিএসটি ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। সব যদি ঠিকঠাক থাকে, তাহলে চলতি মাস থেকেই প্রবীণদের স্বাস্থ্য বিমা ও জীবন বিমার প্রিমিয়াম থেকে পুরোপুরিভাবে উঠে যাবে জিএসটি।

আরও অন্যান্য খবর