অবাক করা কাণ্ড! আর জি করের নির্যাতিতার নিজের কলেজেই মিলল না গণ কনভেনশনের অনুমতি, কী কারণ দর্শানো হল?

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় প্রতিবাদ চলছে। জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন কর্মবিরতি পালন করেছেন। ১৭ দিন অনশন করেছেন। কাজে ফিরে গেলেও তারা যে আন্দোলনের পথ থেকে সরবেন না, তা তারা আগেই জানিয়েছিলেন। কিন্তু এমন আবহে তিলোত্তমার নিজের কলেজেই যে ঘটনা ঘটল, তা যেন হতবাক করল সকলকে।

আগামীকাল, শনিবার গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। গত সোমবার অনশন প্রত্যাহারের পরই এই ঘোষণা করেছিলেন তারা। আর জি করের নির্যাতিতার ন্যায় বিচারের দাবীতে হতে চলেছে এই গণ কনভেনশন। কিন্তু তিলোত্তমার নিজের কলেজ অর্থাৎ কল্যাণী মেডিক্যাল কলেজ যেখান থেকে ডাক্তারি পড়েছেন তিনি, সেই কলেজই গণ কনভেনশনের অনুমোদন বাতিল করেছে বলে খবর।

জানা গিয়েছে, ঘূর্ণিঝড় ‘দানা’র কারণ দেখিয়ে নাকি কল্যাণী মেডিক্যাল কলেজের তরফে গণ কনভেনশন বাতিল করা হয়েছে। তবে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছেম ইতিমধ্যেই ‘দানা’ শক্তিক্ষয় করেছে। গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়। এমনকি, ‘দানা’ প্রভাব বাংলায় সেভাবে পড়েও নি।

হাওয়া অফিসের তরফে এও জানানো হয়েছে, বাংলার উপর থেকে ‘দানা’র প্রভাব কাটতে শুরু করেছে। আগামীকাল, শনিবার আকাশের পরিস্থিতি উন্নত হবে। কিন্তু তা সত্ত্বেও কেন ঘূর্ণিঝড়ের কারণ দেখিয়ে গণ কনভেনশন বাতিল করল কল্যাণী মেডিক্যাল কলেজ, তা নিয়ে উঠেছে প্রশ্ন। জানা যাচ্ছে, শনিবার দুপুরে বিকল্প স্থানে হতে পারে এই কনভেনশন।

আরও পড়ুনঃ দিদি ও দিদি নম্বর ১! রচনার ‘কুইন্টাল কুইন্টাল জল’-এর পর এবার মমতার ‘কিউসেক টন জল’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি নেটিজেনদের

তবে এই ঘটনায় সরব হয়েছে চিকিৎসক মহল। তিলোত্তমার নিজের কলেজেই কনভেনশনের অনুমোদন না পাওয়াকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন সিনিয়র চিকিৎসকরা। এই বিষয়ে চিকিৎসক নেতা অর্জুন দাশগুপ্ত বলেন, “কল্যাণীতে জুনিয়র ডাক্তার ও সিনিয়র ডাক্তারদের কনভেনশন রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে এই কনভেশনের আয়োজন করা হয়েছে। কিন্তু কোনও অদ্ভুত কারণে কলেজ কর্তৃপক্ষ শেষ মুহূর্তে তাঁদের হল ব্যবহারের অনুমতি দেয়নি। এদিকে ভুলে গেলে চলবে না কল্যাণী মেডিক্যাল কিন্তু তিলোত্তমার নিজের কলেজ। অনুমতি না দেওয়ার পিছনে দানার কথা বলা হচ্ছে। কিন্তু দানা তো অন্যদিকে চলে গিয়েছে। এখন কী সমস্যা সেটা বুঝতে পারলাম না”।

RELATED Articles