‘আর জি করের ডাক্তার বোনকে মারার ঘটনায় যদি কেউ দায়ী হন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ই’, সরাসরি মমতাকে আক্রমণ শুভেন্দুর

এর আগেও নানান ঘটনা প্রসঙ্গে নানানভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন তিনি। আর জি করের ঘটনা নিয়েও বারবার শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন। এবার আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ, সোমবার দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য অন্ডাল যান শুভেন্দু অধিকারী। যাওয়ার পথে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে ফের মন্তব্য করেন তিনি। বলেন, “জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমরা প্রথম দিন থেকেই ছিলাম। কিন্তু যেদিন মমতা ব্যানার্জির সঙ্গে সন্ধি করেছে সেদিন থেকে নেই। মমতার সঙ্গে কোনও আপোশ নয়। ডাক্তার বোনকে মারার ক্ষেত্রে একমাত্র যদি কেউ দায়ী থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়”।

শুধু এদিনই নয়, এর আগেও অমিত শাহ্‌’র বঙ্গ সফরের মধ্যেও জুনিয়র চিকিৎসকদের নিয়ে কথা বলেছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, “চিকিৎসকদের আলাদা ফ্রন্ট তৈরি করেছে তৃণমূল। ডাক্তাদের আন্দোলনে চাপে ছিল সরকার। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভালো। ফিনিশিংটা ভালো নয়। তবে বিজেপি ছাড়বে না। দীপাবলির পর শুরু হবে”।

তাঁর সংযোজন, “জুনিয়র ডাক্তারদের সব ভাল লেগেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ আমার এবং মানুষের ভাল লাগেনি। অন্যভাবেও সরকারের সঙ্গে বৈঠক করতে পারেন। কেন্দ্রের স্বাস্থ্যসচিবের মধ্যস্থতার দাবি করা উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা যে ফলপ্রসূ হতে পারে না, অশ্বডিম্ব হয় তা প্রমাণিত”।

আরও পড়ুনঃ ‘এরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায় নয় যে আমরণ অনশন করবে, ৫ দিনেই হাসপাতালে ভর্তি হতে হয় এদের’, জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ সৌগত রায়ের

প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকরা বরাবরই নিজেদের আন্দোলনকে অরাজনৈতিক বলে দাবী করে এসেছেন। লকেট বন্দ্যোপাধ্যায় হোক বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারাই তাদের ধর্না মঞ্চে গিয়েছেন, তাদেরই ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যদিও নির্দিষ্ট এক রাজনৈতিক দলের সমর্থকদের তাদের মঞ্চে থাকতে দেখা গিয়েছে। তবে বিজেপির তরফে জুনিয়র চিকিৎসকদের সমর্থনই করা হয়েছে বরাবর। কিন্তু এখন আর সেই সমর্থন নেই। বিজেপির তরফে জানানো হয়েছে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থামলেও, তাদের আন্দোলন চলবে।

আরও অন্যান্য খবর