দীর্ঘদিন কর্মবিরতি, অনশন কর্মসূচির পর কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এর আগেও নানান সময় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করে এসেছেন নানান তৃণমূল নেতা। এবার ফের তৃণমূল সাংসদ সৌগত রায় কটাক্ষ করলেন তাদের।
গত শনিবার কামারহাটিতে এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌগত রায়। সেখানেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করেন তিনি। বলেন, “চিকিৎসকদের আন্দোলন কানা গলিতে ঢুকে গেছে। এরা নিজেদের বাঁচানোর জন্য অভয়ার পরিবারকে দিয়ে অনশন ভঙ্গ করেছে। এরা কেউ যতীন দাস নয়, মহাত্মা গান্ধী ও নয় মমতা বন্দ্যোপাধ্যায় নয় যে আমরণ অনশন করবে।পাঁচ দিন অনশন করতে না করতেই এদের হাসপাতালে ভর্তি হতে হয়”।
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “ওদের আন্দোলনটা একটা কানা গলিতে ঢুকে পড়েছে। যে কোনও আন্দোলনের একটা এক্সিট রুট থাকা দরকার। প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল। এরা অপরিণত। গণ-আন্দোলনের অভিজ্ঞতা ছিল না। কিছু স্বার্থান্বেষী লোকদের উৎসাহ দিচ্ছিলেন। তাই আন্দোলনটা ভুল পথে গিয়েছে”।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আর জি করের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। সেই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-আন্দোলন করেন সাধারণ মানুষও। রাত দখল কর্মসূচি থেকে শুরু করে স্বাস্থ্য ভবন অভিযান, লালবাজার অভিযান, সবটাই করেছেন জুনিয়র চিকিৎসকরা।
আরও পড়ুনঃ ‘সুশান্ত হোক বা তন্ময়, সিপিএম মাত্রই পটেটো প্রবলেম’, বামনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ধেয়ে এল কটাক্ষ
ন্যায় বিচারের দাবীতে প্রায় ১৭ দিন ধর্মতলার অনশন মঞ্চে অনশন কর্মসূচি করেছেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করেছেন বৈঠক। অনশন চলাকালীন বেশ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন নানান জুনিয়র চিকিৎসক। তাদের সেই কর্মসূচিকেই কটাক্ষ করলেন সৌগত রায়।





