শীতের রেশ কাটাতে আসছে ‘শত্রু’ বৃষ্টি, ফের ভিজবে বঙ্গের মাটি, তৈরি হচ্ছ গভীর নিম্নচাপ

চলছে নভেম্বরের শেষ সপ্তাহ। শীতের ভরপুর আমেজ বঙ্গজুড়ে। সকালে ও রাতের দিকে শিরশিরানি ভাব দারুণ উপভোগ করছে বঙ্গবাসী। কিন্তু এবার শীতের ঝোড়ো ব্যাটিংয়ের পথে কাঁটা বৃষ্টি। নিম্নচাপের জেরে ফের ভিজবে বঙ্গের মাটি। এর ফলে কী শীতের আমেজ উধাও হবে, এমনই প্রশ্ন এখন রাজ্যবাসীর মনে!

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। সোমবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এই গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে কী না, তা এখনও নিশ্চিত নয়। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু ও শ্রীলঙ্কার দিকে।

আবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত একটি নিম্নচাপের অক্ষরেখা অয়েছে। আবার উত্তর-পূর্ব অসমের কাছেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মৎস্যজীবীদের এর জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।  

আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে বঙ্গে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। নতুন তাপমাত্রা তেমন নামবে না। সকালের দিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে খবর।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে দার্জিলিং ও উত্তর দিনাজপুরে পার্বত্য এলাকায় কুয়াশা থাকবে। তবে ঘন কুয়াশার সম্ভাবনা নেই।

আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে খবর। আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯৭ শতাংশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর